দেয়ালচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকায় অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামের দেয়ালধসে একই পরিবারের তিন কিশোর-কিশোরী মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন কিশোর-কিশোরী হলো নাসিমা (১৬), তার ভাই জাহিদ আহমদ (১৪) ও তাদের চাচাতো ভাই রুহুল আমিন (১৩)।
নাসিমা ও জাহিদের বাবা আজান আলী পেশায় চা-শ্রমিক। তাঁর ভাই মৃত কুতুব আলীর ছেলে রুহুল।
ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজান আলীর ভাষ্য, স্টেডিয়ামের দেয়ালসংলগ্ন কাঁচা বাড়িতে তাঁরা থাকেন। গতকাল রাতে বৃষ্টি হয়। রাত তিনটার দিকে স্টেডিয়ামের ২ নম্বর গেটসহ দেয়াল ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নিহত শিশুদের পরিবার অভিযোগ করেছে, নির্মাণকাজে ত্রুটি থাকায় দেয়াল ধসে পড়ে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ চা-শ্রমিকেরা সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষ পরিবার দুটিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে আটটার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।