দেয়ালচাপায় দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় দেয়ালচাপা পড়ে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কোদালিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সকালে কোদালিয়া মৎস্য সমবায় সমিতির পরিত্যক্ত ভবনের পাশে শওকত মাতুব্বরের ছেলে রমজান (৮) ও জাহিদ মাতুব্বরের ছেলে জোহান (৭) খেলছিল। এ সময় হঠাৎ দেয়াল ধসে দুই শিশুর ওপর পড়ে। এতে রমজান ও জোহান গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. তুহীন হোসেন দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফছার উদ্দীন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিহত দুই শিশু কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামালউদ্দীন জানান, রমজান ও জোহান এ বছর প্রথম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা দিয়েছে।

কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুজ্জামান বলেন, সমবয়সী দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জোহানের বাবা জাহিদ বর্তমানে লিবিয়ায় আছেন। রমজানের বাবা শওকত এলাকায় চায়ের একটি দোকান চালান। আজ দুপুরে দুই শিশুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।