দেয়ালচাপায় নিভে গেল দুই প্রাণ
অন্যান্য দিনের মতো ছেলেকে নিয়ে বাড়ি ফেরার জন্য কোচিং সেন্টারের সামনে রাস্তায় অপেক্ষা করছিলেন জান্নাতুল ফেরদৌস কুসুম। আর ১৫ মিনিট পরেই ছেলে বের হবে। কিন্তু তার আগেই রাস্তার পাশের দেয়াল ভেঙে পড়ল জান্নাতুলের ওপর।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ীর ডিটি রোড রেলগেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে জান্নাতুলসহ দুজন মারা যান।
জান্নাতুল ফেরদৌস পশ্চিম মাদারবাড়ী এলাকার মো. মনিরুল হকের স্ত্রী। নিহত অপর ব্যক্তির নাম সুধীর চক্রবর্তী। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, মাদারবাড়ী রেলগেট এলাকার নিরিবিলি হোটেলের গলিতে পুরোনো একটি দেয়াল ধসের ঘটনায় জান্নাতুল ও সুধীর মারা যান। দেয়ালটি প্রায় ছয় ফুট উঁচু ও ৩০ ফুটের মতো লম্বা ছিল। দেয়ালটির এক পাশে প্রায় দ্বিগুণ উচ্চতার একটি ইটের স্তূপ ছিল। ইটের চাপে ও দুই দিনের টানা বৃষ্টিতে মাটি দুর্বল হয়ে দেয়ালটি ধসে পড়ে। দেয়ালের পাশাপাশি ইটের স্তূপ থেকেও কয়েক হাজার ইট রাস্তায় পড়ে যায়। তিনি জানান, ফায়ার সার্ভিস প্রথমে জান্নাতুলকে ও পরে সুধীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পর চিকিৎসক জান্নাতুল ও সুধীরকে মৃত ঘোষণা করেন।
দুই সন্তানের জননী জান্নাতুলের স্বামী মনিরুল হক প্রথম আলোকে জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে তানজিনুল হককে কোচিংয়ে আনা-নেওয়া করতেন জান্নাতুল। অন্যান্য দিনের মতো ছেলেকে আনার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন তিনি।
তানজিনুল ও তার পাঁচ বছর বয়সী বোন তাসনিমা খাজা আজমেরী কিন্ডারগার্টেন ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল দুপুর সাড়ে ১২টায় জান্নাতুলের বাসায় গিয়ে দেখা যায়, ছেলেমেয়ে দুজন বাবার গলা জড়িয়ে ধরে কাঁদছে। মেয়েটি মাঝেমধ্যেই জিজ্ঞেস করছিল, ‘আমার আম্মু কই? আম্মু কখন ফিরবে?’
জান্নাতুলের স্বামী মনিরুল হক বলেন, ‘পুরো সংসার নিজ হাতে সামাল দিত কুসুম। সন্তানেরা তাকে ছাড়া কিছুই বুঝত না। এখন কে ওদের দেখবে! কী বলে ওদের সান্ত্বনা দেব!’
এদিকে নিহত সুধীর মাদারবাড়ীর চৌমুহনী পরিবহন সংস্থায় চাকরি করতেন। সংস্থাটির মালিক চুনিলাল ভৌমিক জানান, ১০ বছর ধরে সুধীর তাঁর প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার সময় সুধীর ওই গলিতে অবস্থিত তাঁদের অফিসে আসছিলেন।
পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জান্নাতুল ও সুধীরের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ধসে পড়া দেয়ালের মালিক মো. মহসিন ও আবু তাহের মো. টিপু। মহসিন রেলওয়ের জায়গা ভাড়া নিয়েছেন। সেখানে তিনি কয়েকটি অফিসঘর তুলে বিভিন্ন পরিবহন সংস্থাকে ভাড়া দিয়েছেন। আর আবু তাহের মো. টিপু ওই গলিতে অবস্থিত একটি আবাসিক হোটেলের মালিক।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান, ধসে পড়া দেয়ালের দুই মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।