দেয়ালে পিঠ ঠেকে গেছে: ফখরুল

‘সময় আছে মাত্র কয়েক সপ্তাহ ’ এবং ‘ দেয়ালে পিঠ ঠেকে গেছে’ বলে উল্লেখ করে দলের নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোট যেখানেই দেওয়া হোক, তা পড়বে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায়।
গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘সময় আছে কয়েক সপ্তাহ মাত্র। এর মধ্যে পূর্ণাঙ্গভাবে সংগঠিত হতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, এ সরকারকে সরাতে হবে।’
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে বলেছিলেন, নির্বাচনকালে সংসদ ভেঙে দেবেন, ছোট একটি মন্ত্রিসভা থাকবে, বিরোধী দল চাইলে তারাও ওই মন্ত্রিসভায় থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এখন সবকিছু থেকে সরে গেছেন। কারণ তিনি জানেন, কোনো কিছুতেই কাজ হবে না। এ জন্য এখন নিজেদের অধীনে নির্বাচনের কথা বলছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এভাবে নির্বাচন হলে ভোট যেখানেই দেন, পড়বে নৌকায়। আমরা সেই ভোটে যাব না। জনগণ এত বোকা না। জনগণ সেই ফাঁদে পা দেবে না।’
তারেক রহমানের ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে। এতে লন্ডনে তারেক রহমানের বক্তৃতা নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। অনুষ্ঠানের শুরুতে বসা নিয়ে কর্মীদের দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তবে ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অনুষ্ঠানস্থলে ছিলেন না।