দেয়ালে 'অনন্তকাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার স্থানটির পাশের দেয়ালে ‘অনন্তকাল’ শিরোনামে এই চিত্রটি (ইনসেটে) অঙ্কন করা হচ্ছে। আজ সোমবার এটি উন্মোচন করা হবে l ছবি: প্রথম আলো
লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার স্থানটির পাশের দেয়ালে ‘অনন্তকাল’ শিরোনামে এই চিত্রটি (ইনসেটে) অঙ্কন করা হচ্ছে। আজ সোমবার এটি উন্মোচন করা হবে l ছবি: প্রথম আলো

সেই চৌরাস্তার মোড়টি দেয়ালঘেঁষা। সিলেট নগরের সুবিদবাজার এলাকায় পিটিআইর দেয়ালের পাশটাই ঘটনাস্থল। সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে গত মঙ্গলবার সকালে আক্রান্ত হয়েছিলেন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২)। মুখোশধারী চার দুর্বৃত্ত অনন্তকে কুপিয়ে লাশ ফেলে গিয়েছিল সেখানে। সেই থেকে চৌরাস্তার মোড় পরিণত হয় দর্শনার্থী মানুষের পুঞ্জীভূত শোক আর ক্ষোভ প্রকাশের একটি স্থানে।
অনন্তর রক্ত ছিটকে পড়েছিল দেয়ালেও। ঘটনার পর থেকে হত্যার স্থানটি পলিথিন দিয়ে ঢাকা। পরদিন বুধবার এলাকাবাসীর উদ্যোগে ওই স্থানে হয় মানববন্ধন। সেটি ছিল এলাকাবাসীর প্রথম প্রতিবাদ। এবার অনন্তের রক্তে রঞ্জিত দেয়ালের ওই অংশ স্থায়ী প্রতিবাদ হয়ে প্রকাশ পাচ্ছে। নিকষ কালো জমিনের ওপর ছোপ ছোপ রক্ত, তাতে সাদা অক্ষরে লেখা—‘জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত/অনন্তকাল।’ অন্য পাশে অনন্তর লেখা থেকে কথা আর কলমযোদ্ধার মুষ্ঠিবদ্ধ হাতের চিত্র। এ যেন দেয়ালে ‘অনন্তকাল’।
গতকাল বিকেলে নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে গিয়ে দেখা গেছে, অনেকটা ছাপচিত্রের মতো করে দেয়ালে ‘অনন্তকাল’ অঙ্কন চলছে। এ চিত্রের নির্দেশক সিলেটের নাট্য ও সংস্কৃতি সংগঠন নগরনাট সভাপতি অরূপ দাশ। ‘ওইখানে আমিও আছি/যেখানে সূর্যোদয়, প্রিয় স্বদেশ পাল্টে দেব/তুমি আর আমি বোধ হয়...’ অনন্তের লেখা থেকে এ ছন্দকথা তিনিই চয়ন করেছেন। অরূপ জানান, অনন্তের শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় এটি হচ্ছে। গতকাল বিকেল থেকে দেয়ালের এ কাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সেটি উন্মোচন করা হবে।

লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার স্থানটির পাশের দেয়ালে ‘অনন্তকাল’ শিরোনামে এই চিত্রটি (ইনসেটে) অঙ্কন করা হচ্ছে। আজ সোমবার এটি উন্মোচন করা হবে l ছবি: প্রথম আলো
লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার স্থানটির পাশের দেয়ালে ‘অনন্তকাল’ শিরোনামে এই চিত্রটি (ইনসেটে) অঙ্কন করা হচ্ছে। আজ সোমবার এটি উন্মোচন করা হবে l ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ থেকে পাস করে পূবালী ব্যাংকের সুনামগঞ্জের জাউয়াবাজার শাখায় ‘ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মরত ছিলেন।
অনন্ত মুক্তমনা ও সামহয়্যার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটে গণজাগরণ মঞ্চেরও একজন সক্রিয় কর্মী ছিলেন। বিভিন্ন সময় বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তাঁর লেখা ও সম্পাদিত বইয়ের মধ্যে পার্থিব (শুদ্ধস্বর, ২০১১, সহলেখক সৈকত চৌধুরী), সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেস্কো অধ্যায় (শুদ্ধস্বর, ২০১২), ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা (অবসর, ২০১১) উল্লেখযোগ্য। এ ছাড়াও তিনি বিজ্ঞানবিষয়ক ছোটকাগজ যুক্তি নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন।
হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর উদ্যোগে প্রথম মানববন্ধন হয়েছিল ‘অনন্ত হারানোর নয়...’ ব্যানারে। উদ্যোক্তাদের একজন নূরানী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সিদ্দিকী দেয়ালে ‘অনন্তকাল’ অঙ্কনকে এলাকাবাসীর পক্ষ থেকে সাদরে গ্রহণ করেন। শাহিন বলেন, ‘আমরা মানববন্ধনের দিনও দাবি করেছিলাম, ঘটনাস্থলে অনন্তের স্মৃতি রক্ষায় কোনো স্মারক বা স্তম্ভ হোক। এ ব্যাপারে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকেও আমরা জানিয়েছি।’ দেয়ালের এই অঙ্কন দেখে যেন সিটি করপোরেশন উদ্যোগী হয়—এ আহ্বান তাঁর।