দেয়ালের নিচে গর্ত, অরক্ষিত সৈয়দপুর রেলওয়ে কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার দার্জিলিং ফটকের কাছে সীমানা দেয়ালের নিচে গর্তের সৃষ্টি হয়েছে। এতে অরক্ষিত হয়ে পড়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানা।
ওই গর্ত দিয়ে কারখানার মূল্যবান সরঞ্জাম ও লোহা পাচারের আশঙ্কা করছেন কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস)।
রেলওয়ে কারখানার কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে অব্যাহত বর্ষণে প্রধান নর্দমার পানির তোড়ে ফাউন্ড্রি শপসংলগ্ন দেয়ালের নিচে মাটিতে ফাটল দেখা দেয়। পরে ওই ফাটল ঘিরে ২০ ফুট গর্তের সৃষ্টি হয়। কারখানার সীমানা দেয়ালের নিচে এ ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় ওই পথে বিপুল পরিমাণ লোহাসহ রেলওয়ের সরঞ্জাম চুরির আশঙ্কা করা হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন জানান, দেয়ালের নিচে ভাঙন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়। গত ৩০ আগস্ট এ-সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয়। ওই চিঠিতে দেয়াল ভাঙনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। দেয়ালের নিচে গর্ত সৃষ্টি হওয়ায় কারখানার সরঞ্জাম চুরি হতে পারে—এমন আশঙ্কার কথাও বলা হয়েছে। গর্ত মেরামতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট (পশ্চিম) মো. আমিনুর রশীদও অনুরূপ চিঠি দেন প্রধান প্রকৌশলীকে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেয়ালের নিচে বিশাল গর্ত চোখে পড়ে।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, ওই গর্ত দিয়ে চোরেরা প্রতি রাতে নিয়ে যাচ্ছে রেলপাত, লোহা ও মূল্যবান রেলওয়ে সরঞ্জাম। দেয়ালের ওপারে গোলাহাট কবরস্থানে আস্তানা গেড়েছে লোহা চোরেরা। তাঁদের বাধা দেওয়ার সাহস নেই কারও।
এ ব্যাপারে রেলওয়ে পূর্ত বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, ‘ওই গর্ত মেরামতে তাৎক্ষণিকভাবে আমাদের বিভাগ একটি প্রাক্কলন (এস্টিমেট) তৈরি করে। প্রাক্কলনে বলা হয়েছে, পানি নিষ্কাশনব্যবস্থাসহ গর্ত মেরামতে ব্যয় হবে চার লাখ ৯২ হাজার টাকা। শুরুতে তা মেরামতে পদক্ষেপ নিতে অনুমোদন মেলে। কিন্তু হঠাৎ গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে কাজটি স্থগিত রাখতে বলা হয়।’
আরএনবি সৈয়দপুর কারখানার প্রধান পরিদর্শক (সিআই) আবদুস সালাম বলেন, ‘দেয়ালে গর্ত থাকায় আমরাও উদ্বিগ্ন। রেলওয়ের মূল্যবান সরঞ্জাম যেন চুরি না হয় সে জন্য আশপাশ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। গর্তটি অস্থায়ীভাবে কাটাগাছ, বেড়া ও লোহার গ্রিল দিয়ে বন্ধ রাখা হয়েছে। দেয়ালটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া উচিত।’