দেরি করার শাস্তি বাথরুমবন্দী করে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসায় ভোর সাড়ে ছয়টায় ‘হুজুর পাঠ’ নেয়। হুজুরের নির্দেশ, সব ছাত্রকে ওই সময়ের আগেই হাজির হতে হয়। হাফেজি বিভাগের ছাত্র ওমর ফারুক (১০) মাদ্রাসায় যাওয়ার পথে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। বাসায় ফিরে বাথরুম সেরে ওমর মাদ্রাসায় যায় হুজুরের বেঁধে দেওয়া সময়ের কিছু পর। দেরির কারণ বাথরুম শুনে তাকে বাথরুমে নিয়ে মারধর করে প্রায় এক ঘণ্টা বন্দী করে রাখা হয়।অন্য ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে ওমরের বাবা বাথরুম থেকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সিলেট নগরের নবাব রোড এলাকার ‘মাদারিছুল আল হারামাইন’ নামের মাদ্রাসায় গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ওমর ফারুক।ওমর ফারুক সিলেট নগরের কুয়ারপাড় এলাকার ব্যবসায়ী মইনুল হকের ছেলে। প্রায় দুই বছর হয় তাকে ওই মাদ্রাসায় হাফেজি শিক্ষার জন্য ভর্তি করা হয়। ওমরের পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসায় হাফেজি শিক্ষার প্রথম পাঠ ভোর সাড়ে ছয়টায় শুরু হয়। প্রতিদিন সে ওই সময়ের আগেই মাদ্রাসায় যেত। ওমর গতকাল বাসা থেকে বের হয়ে বাথরুম করার জন্য আবার বাসায় ফিরে আসে। এতে তার আধা ঘণ্টা সময় পার হয়ে যায়। আধা ঘণ্টা দেরি করে যাওয়ার কারণ জানতে চেয়ে হাফেজি বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ ওমরকে বাথরুমে নিয়ে যান। স্কচটেপ পেঁচানো বেত দিয়ে বাথরুমে মারধর করে সেখানেই বন্দী করে রাখেন। মারধরে বাথরুমের মধ্যে অবচেতন হয়ে পড়েছিল ওমর। এ অবস্থায় প্রায় এক ঘণ্টা পর বাথরুম থেকে ওমরকে নিয়ে একটি শয্যায় রাখা হয়।ওমরের বাবা মইনুল হক জানান, বেলা ১১টার দিকে মাদ্রাসা ছুটি হয়। ছেলে বাসায় ফিরছে না শুনে তিনি খোঁজ নিতে গিয়ে ওমরের সহপাঠীদের কাছ থেকে ঘটনাটি শোনেন। তিনি মাদ্রাসায় গিয়ে ওমরকে একটি বিছানায় অবচেতন অবস্থায় দেখতে পান। তার এ অবস্থা সম্পর্কে ওই সময় মাদ্রাসার শিক্ষকেরা কিছু না বলায় ওমরকে বাসায় নিয়ে যান। বাসায় এসে ওমর মারধর করার কথা জানায়। ওমরের শরীরে জখমের চিহ্ন দেখে তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশু সার্জারি বিভাগের নূরুল আলম জানান, তার ঊরু ও নিতম্বে একাধিক জখম রয়েছে। ডান ঊরুর জখমে রক্ত জমাট বাঁধা। মারধর করায় সে মারাত্মক ভয় পেয়েছে। ভয় থেকে অবচেতন হয়ে পড়েছিল।নবাব রোডের সৌরভ আবাসিক এলাকায় চারতলাবিশিষ্ট একটি বাসার মধ্যে মাদারিছুল আল হারামাইন মাদ্রাসার অবস্থান। ২০০৯ সাল থেকে চালু এ মাদ্রাসায় শুধু হাফেজি বিভাগ চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ৩২ জন। ওমর ফারুককে মারধর করার ঘটনা সম্পর্কে অধ্যক্ষ আবদুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করেন।ওমরকে হাসপাতালে ভর্তি ও পরিবারের অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানালে অধ্যক্ষ বলেন, ‘দেরি করে মাদ্রাসায় আসার অপরাধে ওই ছেলেকে হাফেজি শিক্ষক একটু শাসন করেছেন বলে শুনেছি।’শিক্ষার্থীদের মারধর করা সরকার নিষিদ্ধ করেছে, তবু কেন মারধর করা হলো—এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, ‘ঘটনাটি স্বাভাবিক ছিল। এখন অতিরঞ্জিত করে প্রচার হচ্ছে। আমরা ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিষ্পত্তি করব।’ঘটনার পরপরই হাফেজি শিক্ষক মাসুম বিল্লাহ মাদ্রাসা থেকে চলে যান। তাঁর ব্যবহূত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। একপর্যায়ে মুঠোফোন বন্ধ করে দেন।অধ্যক্ষের বক্তব্য প্রসঙ্গে মইনুল হক বলেন, ‘হাসপাতালে ভর্তির পর অধ্যক্ষ ওমরকে দেখতে এসেছিলেন। এ সময় তিনি ঘটনাটি আপসে নিষ্পত্তির প্রস্তাব করেন। আমরা এ প্রস্তাবে রাজি হইনি। ছেলে কিছুটা সুস্থ হলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’