দেরি করে এসে শোনালেন গান

অনুষ্ঠানে যখন পৌঁছান, ততক্ষণে প্রায় তিন ঘণ্টা দেরি হয়ে গেছে। মূল বক্তব্যে তাই না গিয়ে দেরি করার কারণে গেয়ে উঠলেন গান। ‘আমরা করব জয়...’ গানে টান দিতেই তাঁর সঙ্গে গলা মেলালেন মঞ্চে থাকা অন্য অতিথিরাসহ শিশুরাও।
সিলেট নগরের বাগবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ কমপ্লেক্সে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের বার্ষিক বিভাগীয় প্রতিযোগিতায় উপস্থিত হয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী অনুষ্ঠান শুরু করেন এভাবেই।
অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল ১১টায়। সমাজকল্যাণমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বেলা দুইটায়। প্রায় তিন ঘণ্টা প্রতিবন্ধী, অটিস্টিক ও সুবিধাবঞ্চিত শিশুদের অপেক্ষায় থাকার বিষয়টি তিনি অনুষ্ঠানস্থলে হাজির হয়ে জানতে পারেন। কিছু আনুষ্ঠানিকতা শেষে দুপুরের খাওয়ার তাগাদা দিয়ে তাই সবাইকে গান গেয়ে শোনান তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এতিম ও অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। অটিস্টিক শিশু যেন কোনো মায়ের বোঝা হয়ে না দাঁড়ায়, সে জন্য সরকার ও আমার মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।’
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক আবুল কালাম। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম আল-মামুন মোল্লা।