দেরিতে আবাদ, আউশ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
তীব্র খরার কারণে চলতি বছর বরগুনাসহ দক্ষিণাঞ্চলে আউশ ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা৷ বৈশাখের শুরুতে আউশ আবাদের জন্য জমি চাষ ও বীজতলা তৈরি করার কথা থাকলেও বৃষ্টির অভাবে কৃষকেরা তা করতে পারেননি৷ এক মাস পরে সামান্য বৃষ্টিপাত হওয়ায় বর্তমানে আউশ আবাদের জন্য কৃষকদের কেউ কেউ মাঠে নেমেছেন৷ যথাসময়ে আবাদ শুরু করতে না পারায় ফলন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা৷
বরিশাল আঞ্চলিক কৃষি কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে গোটা দক্ষিণাঞ্চলে দুই লাখ ৫৭ হাজার ৬২২ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ এর মধ্যে বরিশাল কৃষি অঞ্চলের আওতায় থাকা ১০ জেলার মধ্যে বরগুনায় ২৯ হাজার ৯৭৯ হেক্টর, বরিশালে ৩৫ হাজার ৩৭৪ হেক্টর, পিরোজপুরে ২১ হাজার ৩৬ হেক্টর, ঝালকাঠিতে ১২ হাজার ৪৮১ হেক্টর, পটুয়াখালীতে ৩৯ হাজার ৭৬৪ হেক্টর, ভোলায় ৮৫ হাজার ৭১২ হেক্টর, ফরিদপুরে নয় হাজার ৬০১ হেক্টর, মাদারীপুরে তিন হাজার ৬১১ হেক্টর, গোপালগঞ্জে দুই হাজার ৫২৮ হেক্টর, রাজবাড়ীতে পাঁচ হাজার ৪৬৮ হেক্টর এবং শরীয়তপুরে ১২ হাজার ৬৮ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷
বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, বৈশাখের শুরুতে আউশ ধানের বীজতলা প্রস্তুত করার উপযুক্ত সময়৷ আর বৈশাখের শেষ পর্যন্ত চারা রোপণ করা যায়৷ তবে বৈশাখ মাসজুড়ে বৃষ্টি না হওয়ায় বীজতলা তৈরিতে দেরি হয়েছে৷ এ জন্য ধান রোপণেও তাঁরা এক মাস পিছিয়ে গেছেন৷ ফলে কাঙ্ক্ষিত ফলন হবে কি না, তা নিয়ে নিয়ে তাঁরা আশঙ্কায় রয়েছেন৷
উত্তর খাজুরতলা গ্রামের কৃষক নিজাম উদ্দিন বলেন, ‘জীবনে এমন খরা মোরা আর দেহি নায়৷ বৈশাখের শুরুতে প্রতিবছর বৃষ্টি অয়৷ এইবার পুরা বৈশাখ মাসে একফোঁটা বৃষ্টি অয় নাই৷ এহন তড়িঘড়ি কইর্যা বীজতলা ও জমি চাষ করতে আছি৷ দেহি আল্লাহ কী ফলন দেয়৷’
তবে বরগুনা জেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নজরুল ইসলাম বলছেন, ‘দীর্ঘ খরার কারণে আউশ রোপণে দেরি হওয়ার কারণে উৎপাদনে তেমন প্রভাব পড়বে বলে মনে হয় না৷ এরই মধ্যে বরগুনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেিশ আউশ আবাদ হয়েছে৷’
আঞ্চলিক কৃষি কার্যালয়ের কর্মকর্তারা জানান, বরিশাল কৃষি অঞ্চলের আওতায় থাকা ১০ জেলায় এবার আউশ মৌসুমে ৪০ হাজার ৯৮৫ জন কৃষককে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে৷ একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ কেজি করে নেরিকা ধানের বীজ, পাঁচ কেজি আউশের বীজ, ইউরিয়া সার ২০ কেজি, পিএসপি ১০ কেজি এবং ডিএপি সার ১০ কেজি করে দেওয়া হয়েছে৷
অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল মুন্নাফ আহমেদ বলেন, দক্ষিণাঞ্চলে সাধারণত আউশের জাত বিআর-২, ৩, ১২, ১৪, ব্রী-ধান-২৭, ৪২, ৪৩, ৪৮, বাউ-৬৩-সহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের ধান আবাদ করা হয়৷ দেরিতে শুরু হলেও আউশ রোপণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷