দেরিতে ছাড়লেও ট্রেনেই স্বস্তির ঈদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কের স্থানে স্থানে যানজট। তাই নির্বিঘ্ন ঈদযাত্রার প্রত্যাশায় ট্রেনকেই বেছে নিয়েছেন বেশির ভাগ যাত্রী। গতকাল বিকেলে বিমানবন্দর স্টেশনের চিত্র l ছবি: প্রথম আলো
মহাসড়কের স্থানে স্থানে যানজট। তাই নির্বিঘ্ন ঈদযাত্রার প্রত্যাশায় ট্রেনকেই বেছে নিয়েছেন বেশির ভাগ যাত্রী। গতকাল বিকেলে বিমানবন্দর স্টেশনের চিত্র l ছবি: প্রথম আলো

ঈদযাত্রার চতুর্থ দিনে গতকাল কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় ছিল। সড়কের যানজটের ঝক্কি এড়াতে অনেকেই শেষ মুহূর্তে এসে ট্রেনে চাপছেন।

স্টেশন থেকে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে ছাড়লেও যাত্রীরা ঈদযাত্রা নিয়ে স্বস্তিই প্রকাশ করেছেন।

গতকাল কমলাপুর স্টেশন থেকে ৬৮টি মেইল, এক্সপ্রেস, কমিউটার ও আন্তনগর ট্রেন বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে গেছে। সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ১ ঘণ্টা, সুন্দরবন ১ ঘণ্টা ৪৫ মিনিট, চিলাহাটিগামী নীলসাগর ২ ঘণ্টা ৩০ মিনিট, একতা ১ ঘণ্টা দেরিতে ও তিস্তা এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যায়। বাকি ট্রেনগুলো ২০ থেকে ৪৫ মিনিট দেরি করে স্টেশন ছাড়ে। সোনার বাংলা, পারাবত এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন সময়মতো ছেড়েছে।

সড়কে যানজটে পড়বেন বলে অনেকেই বিকল্প হিসেবে শেষ মুহূর্তে ট্রেনকে বেছে নেন। আইনজীবী মো. মনিরুল। তিনি বলেন, ‘সড়কের অবস্থা ও যানজটের কথা ভেবে এবার ট্রেনের টিকিট কাটি। ট্রেনে তো আর রাস্তার মতো জ্যাম ভোগান্তিতে পড়তে হবে না।’

স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, প্রতিটি স্টপেজে দুই মিনিট বরাদ্দ থাকে। কিন্তু যাত্রী ওঠানামায় ১০ থেকে ১৫ মিনিট লাগে। কারণ, যাত্রীর চাপ অনেক।