প্রবেশপত্র পাঠানোর নির্ধারিত তারিখের ১২ দিন পর কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডর (সিএইচসিপি) পদে লিখিত পরীক্ষার প্রবেশপত্র বিলি করা হয়েছে। এতে যথাসময়ে প্রবেশপত্র হাতে পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাগেরহাটের অনেক প্রার্থী। অভিযোগ উঠেছে, সিভিল সার্জন অফিসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী পরস্পর যোগসাজশে পছন্দের প্রার্থীদের পরীক্ষায় সুবিধা করে দিতে দেরিতে প্রবেশপত্র ছেড়েছেন। বাগেরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে একযোগে সিএইচসিপি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলায় ১৮০টি সিএইচসিপি পদের বিপরীতে তিন হাজার ১৫৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে দুই হাজার ৯৩ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। গত রোববার জেলা পোস্ট অফিস থেকে সাধারণ ডাক মাশুল দিয়ে এসব প্রার্থীর ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এই প্রকল্পের পরিচালক ডা. মাখদুমা নার্গিস স্বাক্ষরিত গত ২৪ নভেম্বরের এক ই-মেইল বার্তায় এই নিয়োগ পরীক্ষা বিষয়ে ছয়টি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে পাঁচ নম্বর নির্দেশনায় ৭ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাকযোগে প্রার্থীদের ঠিকানায় পাঠানোর কথা বলা রয়েছে। কিন্তু রোববার সব প্রবেশপত্র একসঙ্গে ডাকে পাঠানো হয়।একাধিক প্রার্থী বলেছেন, জেলা সদর থেকে সরকারি ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি উপজেলা সদর ও এর পার্শ্ববর্তী এলাকায় যেতে দুই থেকে তিন দিন সময় লাগে। আর প্রত্যন্ত এলাকায় ডাক বিলি হতে সময় লাগে পাঁচ থেকে সাত দিন। সিভিল সার্জন অফিসের একাধিক কর্মচারী অভিযোগ করেন, প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ছিল ২১ সেপ্টেম্বর। বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ডাকে প্রবেশপত্র পাঠানো সম্ভব ছিল। কিন্তু সিভিল সার্জন তপন কুমার শীল অজ্ঞাত কারণে আবেদনপত্র ধরে রেখে সময়ক্ষেপণ করেছেন। অভিযোগ অস্বীকার করে বাগেরহাটের সিভিল সার্জন তপন কুমার শীল প্রথম আলোকে বলেন, ‘বাছাই কাজে কোনো অনিয়ম হয়নি। গত কয়েক দিন ধরে আমরা ডাকযোগে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র পাঠানো শুরু করেছি। যথাসময়ে তাঁরা প্রবেশপত্র পেয়ে যাবেন।’