দেরিতে হলেও ইতিহাসের কুলাঙ্গারেরা শাস্তি পেয়েছে
আমাদের মুক্তিযুদ্ধটা শুধু সম্মুখ সমরেই সীমাবদ্ধ ছিল না, অস্ত্র হাতে যেমন যুদ্ধ হয়েছে, তেমনি বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রেও সে যুদ্ধ ছড়িয়েছিল। ভারতে আশ্রয় নিয়েছিল প্রায় এক কোটি মানুষ। বাকি সাড়ে ছয় কোটি মানুষ দেশে থেকে যুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধ আসলে এভাবেই হয়। একাত্তর সালের ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটাতে অংশ নেয় পাকিস্তানি জেনারেল ও এ দেশের আলবদর-আলসামস বাহিনী।
আলবদর বাহিনীর নেতৃত্বেই বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করা হয়েছিল। সেই আলবদর বাহিনীর শীর্ষ নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামী। তাঁর ওই অপরাধের জন্য প্রচলিত আইনে শুধু সর্বোচ্চ শাস্তিই হতে পারে। নিজামী যে শাস্তি পেয়েছেন, এতে আনন্দের কিছু নেই। ইতিহাস শুধু তার অযোগ্য কুলাঙ্গার অংশটিকে দেরিতে হলেও শাস্তির মুখোমুখি করতে পেরেছে। আমাদের উত্তরাধিকারীরা অন্তত কখনো স্বাধীনতাবিরোধীদের বিচার করিনি—এই অপবাদ দিতে পারবে না, এই যা সান্ত্বনা।