দেরিতে হাসপাতালে পৌঁছে মারা যাচ্ছে অসুস্থ শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর হাসপাতাল সড়কে গতকাল বুধবার বেলা দুইটার দিকে কান্নাকাটি করছিলেন গৃহবধূ আলিফা খাতুন (৪৫)। কোলে তাঁর কাপড়ে ঢাকা ১১ মাস বয়সী ছেলে মিজান। কয়েকজন পথচারী হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে আলিফাকে একটি রিকশায় তুলে দেন। এই রিকশায় তিনি যাবেন প্রায় ৩০ কিলোমিটার দূরে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম চাকঢালা গ্রামে।
বিএনপিসহ ১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবার ভোরে আলিফা অসুস্থ ছেলে মিজানকে নিয়ে চাকঢালা থেকে হেঁটে হেঁটে ১৩ কিলোমিটার দূরে রামুতে আসেন। এরপর সেখান থেকে ইজিবাইক ও রিকশায় চড়ে বেলা দেড়টার দিকে পৌঁছান কক্সবাজার শহরে। কিন্তু ততক্ষণে কোলের শিশুটির মৃত্যু দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। মৃত ছেলেকে নিয়ে বাড়ি ফেরার মতো টাকা ছিল না বলে পথচারীরা সাহায্যে এগিয়ে আসে।
আলিফা বলেন, দ্রুত হাসপাতালে পৌঁছাতে না পারায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এর জন্য তিনি অবরোধকে দায়ী করেন।
কক্সবাজার সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, প্রায় প্রতিদিন হাসপাতালে পৌঁছার আগে একাধিক শিশুর মৃত্যু হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার ছয় ঘণ্টার মধ্যেও দু-তিনজন করে শিশু মারা যাচ্ছে। কারণ ঝুঁকিপূর্ণ ও অসুস্থ শিশুদের হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। বর্তমানে সমুদ্র উপকূলীয় এলাকায় শিশুদের এজমা ও ডায়রিয়া এবং পাহাড়ি অঞ্চলে ঠান্ডায় সর্দি-কাশিসহ নানা রোগ হচ্ছে। রোগাক্রান্ত এসব শিশুকে হাসপাতালে আনতে কয়েক ঘণ্টা বিলম্ব হলে বিপদ।
গতকাল বুধবার সকাল ১০টায় শহরের ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, রোগীর তেমন চাপ নেই। আগে হাসপাতালের বহির্বিভাগে দৈনিক এক হাজার ২০০ রোগী সেবা নিলেও গতকাল ছিল চার শতাধিক।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৩০ শয্যার শিশু ওয়ার্ড প্রায় ফাঁকা। ওয়ার্ড ইনচার্জ শিল্পী মল্লিক বলেন, আগে এই ওয়ার্ডে দৈনিক ১৮০টি শিশুকে গাদাগাদি করে রেখে চিকিত্সাসেবা দিতে হিমশিম খেতে হতো। আর এখন (গতকাল) মাত্র ২৬টি শিশু। টানা অবরোধে রোগীর সংখ্যা কমে গেছে। হাসপাতালের ১৬ নম্বর সিটে ১৪ মাস বয়সী অসুস্থ ছেলে নয়নকে কোলে নিয়ে বসে আছেন রামু উপজেলার মরিচ্যা গ্রামের গৃহবধূ আয়েশা বেগম (৩০)। শিশুটির নাকে অক্সিজেন লাগানো। চিকিত্সকেরা জানান, ঠান্ডা লেগে শিশুটির গলায় কফ জমে গেছে। কয়েক ঘণ্টা দেরিতে ভর্তি করা হলে এই শিশুর প্রাণ রক্ষা কঠিন হতো। আয়েশা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অল্পের জন্য নয়নকে ফিরে পেয়েছি। অবরোধে সাত ঘণ্টার পথ হেঁটে নয়নকে হাসপাতালে নিয়ে এসেছি। এত কষ্ট এই জীবনে আর পাইনি।’ তাঁর পাশের সিটের রাজিয়া বেগম (৩০) বলেন, তিনিও দেড় মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে সুদূর রামু উপজেলার গর্জনিয়া থেকে ছয় ঘণ্টা হেঁটে এই হাসপাতালে পৌঁছান এবং ছেলেকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। এখন ছেলের স্বাস্থ্যের উন্নতি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
একই গ্রামের ফাতেমা বেগম (১৮) বলেন, ‘পাঁচ দিন আগে ৫০ দিন বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করাই। কিন্তু অবরোধের কারণে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারছি না। অবরোধ আমদের গরিবদের জন্য গজব হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আলী এহসান বলেন, বিলম্বে হাসপাতালে পৌঁছে গত তিন দিনে সাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে ওয়ার্ডে নিতে নিতে পথে মারা গেছে এসব শিশু।
সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, অবরোধের কারণে এ হাসপাতালসহ উপজেলার আরও সাতটি সরকারি হাসপাতালে রোগীরা ঠিকমতো সেবা নিতে আসতে পারছে না। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় গরিব রোগীরা উন্নত ও ঝুঁকিপূর্ণ রোগের চিকিত্সার জন্য চট্টগ্রাম-ঢাকায় যেতে পারছে না। এতে অনেকের মৃত্যু হলেও তাঁদের করার কিছু নেই।