দেলদুয়ারে বজ্রপাতে নিহত ৮
টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় আটজন নিহত ও অপর ১২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে।দেলদুয়ারের লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে দেলদুয়ার উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামের ধানকাটা শ্রমিকেরা একটি শ্যালো মেশিনের (সেচপাম্পের) ঘরে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর ওই শ্যালো মেশিনঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়। তাঁরা হলেন কাতুলি গ্রামের তোয়াজ আলী (৪৫), তাঁর ছেলে আফাজ উদ্দিন (২৭), কালু মিয়া (১৮) ও হোসেন আলী (১৫)। অপর নিহতরা হলো কাতুলী গ্রামের আকবর আলীর ছেলে আবু হানিফ (১৫) ও ধানকাটা শ্রমিক রাজশাহীর নজরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৩)। এ সময় আহত হয় আরও সাতজন।অন্যদিকে একই উপজেলার তারুটিয়া পাহাড়পুর গ্রামে বজ্রপাতে আবুল হোসেনের ছেলে বাবু মিয়া (৩২) নামের একজন নিহত হন। তিনিও মাঠে ধান কাটছিলেন। পার্শ্ববর্তী দেলুয়াকান্দি গ্রামে বাবুল হোসেন (৩৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু ঘটে। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবির বিচিত্র বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।