টাঙ্গাইলের দেলদুয়ার-কালামপুর সড়কের চরপাড়ার এলানজানি নদীর সেতুর কিছু অংশ ধসে পড়ে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গতকাল শুক্রবার ভোর চারটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সেতু অতিক্রম করার সময় এর দক্ষিণ পাশের অ্যাপ্রোচের (সেতু ও রাস্তার সংযোগ অংশ) প্রায় ১০ মিটার ধসে যায়। এতে বাসটি সেখানে আটকা পড়ে। পরে রেকার দিয়ে গতকাল দুপুরে বাসটি সরিয়ে নেওয়া হয়। এখন সংস্কার করে এটি আবার যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহাদত হোসেন কবির, উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস সকালে সেতুটি পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট এড়ানোর জন্য অনেক যানবাহন বিকল্প সড়ক হিসেবে এটি ব্যবহার করে। টাঙ্গাইল শহর থেকে দেলদুয়ার উপজেলা সদর হয়ে সড়কটি ঢাকা-আরিচা সড়কের কালামপুর চলে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি নির্মাণ করেছে। সেতু ধসে পড়ায় টাঙ্গাইলের সঙ্গে দেলদুয়ারের সবচেয়ে বড় বাজার লাউকাঠির সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।
এলজিইডি টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, নদীর পানির স্রোতে সেতুর সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।