হতদরিদ্র দেলোয়ার হোসেনের (৩০) দুটি কিডনিই প্রায় নষ্ট হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিগগির তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। একমাত্র ছেলে দেলোয়ারের জীবন বাঁচাতে তাঁর মা বেবী আক্তার (৫৫) একটি কিডনি দিতে প্রস্তুত। পরীক্ষা-নিরীক্ষা করে ওই কিডনি প্রতিস্থাপনের বিষয়ে চিকিৎসকের সবুজ সংকেতও মিলেছে। কিন্তু টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। হতভাগা দেলোয়ারের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার টংগের আলগা গ্রামে। কাজ করতেন মুদির দোকানে। বছর খানেক আগে কিডনি রোগ ধরা পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় এত দিন চিকিৎসা চলেছে। দেলোয়ারের বাবা মামুনুর রশিদ দিনমজুর। মা-বাবা, স্ত্রী ও নাবালক দুই সন্তান নিয়ে দেলোয়ারের অভাবের সংসার। দেলোয়ারের চিকিৎসায় দেশের সহৃদয় দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: মেসার্স লিনা এন্টারপ্রাইজ, চলতি হিসাব নম্বর-২৫০৭, সোনালী ব্যাংক লি., ইসলামপুর বাজার শাখা, জামালপুর। বিকাশ নম্বর-০১৭১২০২৭৯০৬।