পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয় থেকে আজ রোববার বেলা দুইটায় তোবা গার্মেন্টসের শ্রমিকদের জুলাই মাসের মজুরি ও ওভারটাইমের বকেয়া পরিশোধ করা হবে। তোবার মালিক দেলোয়ার হোসেন এই অর্থ পরিশোধ করবেন। তবে ঈদের বোনাস পরিশোধে বিজিএমইএ কয়েক দিন সময় চেয়েছে।
বিজিএমইএ সূত্র জানায়, বেতন ও ওভারটাইম বাবদ তোবার এক হাজার ৪৯৫ জন শ্রমিককে আজ প্রায় এক কোটি ৩০ লাখ টাকা দেওয়া হবে। দেলোয়ার উত্তর বাড্ডার ১৬ কাঠার একটি জমি বিক্রি করেছেন তিন কোটি ৫২ লাখ টাকায়। তবে এই জমি বন্ধক রেখে আগেই তিনি দুই কোটি ৭০ লাখ টাকা নিয়েছিলেন। ফলে এখান থেকে দেলোয়ার পাচ্ছেন ৮২ লাখ। এ ছাড়া আরও একটি জমি তিনি বিক্রি করে টাকা জোগাড় করছেন বলে জানা গেছে।
তোবা গ্রুপের বেতন পরিশোধ নিেয় জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে গতকাল শনিবার বিজিএমইএর নেতা, শ্রমিকনেতা ও সরকারপক্ষের মধ্যে আরও একটি বৈঠক হয়। এর আগে নৌপরিবহন–মন্ত্রী শাজাহান খান সংসদ ভবনে তাঁর অফিসকক্ষে বিজিএমইএর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
গতকালের বৈঠকে উপস্থিত শ্রমিকনেতাদের কয়েকজন ঈদের বোনাসের দাবি তুলে কারখানাটি যেন চালু থাকে এবং কারখানার শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিয়ে যেন হয়রানি না করা হয়, সে জন্য শ্রম প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বোনাস অবশ্যই দ্রুততম সময়ে দেওয়া হবে। তবে কারখানাটি চালু থাকবে, নাকি সেটি বন্ধ করে দেওয়া হবে, তা মালিকের সিদ্ধান্ত। এখানে সরকারের কিছু করার নেই। শ্রমিক ও শ্রমিকনেতাদের অহেতুক মামলা দিয়ে যেন হয়রানি করা না হয়, সেটা লক্ষ রাখা হবে।
বৈঠকে শাজাহান খানের সংগঠন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব বদরুদ্দোজা নিজাম নৌমন্ত্রীকে নিয়ে প্রথম আলোতে লেখা সংবাদ বিশ্লেষণের (৮ আগস্ট প্রকাশিত) সমালোচনা করেন। অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে এখানে হস্তক্ষেপের বিষয়ে নৌমন্ত্রী শাজাহান খানকে প্রশ্ন করা হলে প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত। গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদেরও আহ্বায়ক। তাঁর প্রথম পরিচয় শ্রমিক নেতা। মন্ত্রী হয়েছেন আরও পরে।
নৌমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমিজমা, কারখানা, সম্পদ বিক্রি করে হলেও বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা দেওয়া হবে।
এদিকে, বকেয়া পাওনা নিতে তোবা গ্রুপের শ্রমিকদের আহ্বান জানিয়ে গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, আজ বেলা দুইটায় বিজিএমইএ কমপ্লেক্স থেকে তোবা গ্রুপের তোবা ফ্যাশন, বুকশান গার্মেন্টস, তাইফ ফ্যাশন, তোবা টেক্সটাইল ও মিতা ডিজাইনের শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বকেয়া মজুরি ও ওভারটাইম পরিশোধ করা হবে।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্যসচিব ও তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সংগঠক জলি তালুকদার বলেন, ‘আমরা কাল (আজ রোববার) সন্ধ্যা পর্যন্ত দেখব, কী কী বাস্তবায়ন হলো। তারপর বৈঠক করে নতুন করে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
ধর্মঘট হয়নি: তোবা গ্রুপের শ্রমিক সংগ্রাম কমিটি গতকাল পোশাক কারখানায় ধর্মঘট পালনের ডাক দিলেও অধিকাংশ কারখানাতেই স্বাভাবিক কাজকর্ম চলছে। নারায়ণগঞ্জের একটি কারখানার শ্রমিকেরা কিছুক্ষণ কাজ না করে ধর্মঘটের প্রতি সমর্থন জানান। তবে বিজিএমইএর নেতারা বলেছেন, কোথাও ধর্মঘট পালিত হয়নি। সব কারখানা খোলা ছিল। আর সংগ্রাম কমিটি থেকে বলা হয়েছে, পুলিশের বাধার কারণে ধর্মঘট আংশিক পালিত হয়েছে।
গত বুধবার উত্তর বাড্ডায় আন্দোলনকারী শ্রমিকদের লাঠিপেটা করে পুলিশ। ওই দিনই সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু তোবার শ্রমিকদের পাওনা পরিশোধ, দেলোয়ারের জামিন বাতিল, শ্রমিকদের ওপর ছাঁটাই-নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে দেশের সব পোশাক কারখানায় এই ধর্মঘটের ডাক দেন।
আমাদের সাভারের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকা ঘুরে কোনো কারখানা বন্ধ পাওয়া যায়নি। শ্রমিকদের উপস্থিতিও ছিল শতভাগ। প্রতিটি পোশাক কারখানার সামনে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। গতকাল ভোর থেকেই পুলিশ কারখানাগুলোর সামনে অবস্থান নেয় বলে জানা গেছে। শ্রমিকেরাও সকালেই কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। গাজীপুরেও একই পরিস্থিতি।
আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের শ্রমিক মোশাররফ বলেন, ‘ধমর্ঘটের কথা আমি টেলিভিশনে শুনেছি এবং পত্রিকায় পড়েছি। কিন্তু কোনো সংগঠনের পক্ষ থেকে এই অঞ্চলে ধমর্ঘটের বিষয়ে শ্রমিকদের মধ্যে কোনো প্রচারণা চালানো হয়নি।’ অনন্ত গার্মেন্টসের শ্রমিক তরিকুল ইসলাম বলেন, ‘ধমর্ঘটের কোনো আওয়াজই ছিল না। ধর্মঘটের বিষয়ে আমরা কিছুই জানি না।’ তবে আশুলিয়ার মেডলার অ্যাপারেলসের কয়েকজন শ্রমিক বলেন, চাকরি চলে গেলে বর্তমানে সহজে চাকরি মেলে না। আবার পেলেও বেতন ও গ্রেড দুটোই কমে যায়। তাই ভয়ে শ্রমিকেরা আন্দোলনে সারা দেননি।
নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার একটি ছাড়া অন্য কোনো কারখানায় ধর্মঘট পালনের কোনো খবর পাওয়া যায়নি। ইসদাইরের ওই কারখানার শ্রমিকেরা দুপুর পর্যন্ত কাজ না করে ধর্মঘট করেন। তবে দুপুরের পর তারা আবার কাজ করেন। অন্যদিকে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত এক সমাবেশে তোবার শ্রমিকের পাওনা একসঙ্গে পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।