তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিনের আবেদন নাকচ এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তারের এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। প্রতি রোববার আদালতে হাজিরার শর্তে মাহমুদার জামিন মঞ্জুর করা হয়।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন গতকাল সোমবার দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর জামিনের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় করা মামলায় তাঁরা গত রোববার সকালে বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
জামিনের জন্য গতকাল বিশেষ আবেদন করা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর প্রথম আলোকে বলেন, রোববার দেলোয়ার ও তাঁর স্ত্রী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারিক হাকিম তাজুল ইসলাম তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। তবে গতকাল আদালতের নথিতে দেখা যায়, আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য সোমবার (গতকাল) দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন পোশাকশ্রমিক নিহত, দুই শতাধিক আহত ও অসুস্থ হন। এ ঘটনার পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কারখানায় অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা করে। কয়েক দিন পর নিখোঁজ শ্রমিক রেহানার ভাই আবদুল মতিন ঢাকার হাকিম আদালতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগে নালিশি মামলা করেন। গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার, মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।