দেলোয়ারের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার সন্ধ্যায় বরিশালে যাওয়ার পথে তিনি ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন মানিকগঞ্জে খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।২০১০ সালের ১৬ মার্চ দেলোয়ার হোসেন মারা যান।এদিকে পাটুরিয়া ফেরিঘাটে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে অপেক্ষমাণ বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, বিকেল সাড়ে পাঁচটায় খালেদা জিয়ার গাড়িবহর ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে পৌঁছায়। এরপর প্রয়াত মহাসচিবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন খালেদা জিয়া। কবর জিয়ারতের পরপরই তিনি বরিশালের উদ্দেশে রওনা দেন।বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে পাটুরিয়া ৩ নম্বর ঘাটে এক পাশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজ খানের সমর্থক এবং অন্য পাশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেনের সমর্থকেরা অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের প্রহরায় খালেদা জিয়ার গাড়িবহর পাটুরিয়া ঘাটে পৌঁছায়। এ সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।