নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এসকোয়্যার গ্রুপের পোশাকশ্রমিক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের এক মাস হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার কাঁচপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।মামলার এজাহারে উল্লেখ করা হয়, এসকোয়্যার গ্রুপের তৈরি পোশাক কারখানার প্রিন্টিং শাখার শ্রমিক দেলোয়ার হোসেন গত ৪ ফেব্রুয়ারি রাতে কাজ শেষে বাসার উদ্দেশে রওনা হন। পথে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে কাঁচপুর সেতুর নিচে লাশ ফেলে রাখে। পরের দিন দেলোয়ারের স্ত্রী খাদিজা আক্তার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বিল্লাল হোসেন, এক চুন ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তাপ্রহরী ইলিয়াছ মিয়া, ঝালকাঠির নলছিটি উপজেলার চরমহল গ্রামের মিজানুর রহমান ও অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।আসামিদের গ্রেপ্তারের দাবিতে কাঁচপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকেরা গতকাল সকাল ১০টার দিকে কাঁচপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন।নিহত দেলোয়ারের স্ত্রী খাদিজা আক্তার প্রথম আলোকে বলেন, ‘দুটি সন্তান নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। পুলিশও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, দেলোয়ার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।