
‘নারায়ণগঞ্জ ক্লাব, নগর ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থেকে অনেক বিত্তশালী যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছি। একটু সহযোগিতা চেয়েছি অনেকের কাছে, কারও মন গলেনি।’ আক্ষেপ করে প্রথম আলোর প্রতিনিধির কাছে এ কথা বলেন রিকশাচালক দেলোয়ার হোসেন। এক পায়ে অবিরাম ২১ বছর ধরে রিকশা চালিয়ে যাচ্ছেন তিনি। চালিয়ে নিয়ে যাচ্ছেন সংসারের চাকা।
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয় দেলোয়ার হোসেনের কথা। এ খবর পড়ে অনেকে সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন তাঁর দিকে। অনেকে তাঁর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এর মধ্যে কৃত্রিম অঙ্গসংযোজনকারী বেসরকারি প্রতিষ্ঠান এন্ডোলাইট বাংলাদেশ দেলোয়ারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক (কারিগরি) নির্মল কান্তি দেব রায় প্রথম আলোকে বলেন, এক পায়ে ২১ বছর ধরে দেলোয়ারের রিকশা চালানোর খবরটি তাঁকে নাড়া দিয়েছে। এই সংগ্রামী মানুষটিকে বিনা মূল্যে কৃত্রিম পা সংযোজন করে দেবে তাঁর প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি দেলোয়ার হোসেনকে একটি রিকশা কিনে দিতে চেয়েছেন। ঢাকার চিকিত্সক মাহবুব ব্যাটারিচালিত একটি রিকশা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মুঠোফোন নম্বর: ০১৭১১৬৪৩৩৮৫ বা ০১৭১৩০৬৭৭০০