‘নারায়ণগঞ্জ ক্লাব, নগর ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থেকে অনেক বিত্তশালী যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছি। একটু সহযোগিতা চেয়েছি অনেকের কাছে, কারও মন গলেনি।’ আক্ষেপ করে প্রথম আলোর প্রতিনিধির কাছে এ কথা বলেছিলেন রিকশাচালক দেলোয়ার হোসেন। এক পায়ে অবিরাম ২১ বছর ধরে রিকশা চালিয়ে যাচ্ছেন তিনি। চালিয়ে যাচ্ছেন সংসারের চাকা। আজ প্রথম আলোতে প্রকাশিত হয় দেলোয়ার হোসেনের কথা। সেই খবর পড়ে অনেকেই সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন তাঁর দিকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি দেলোয়ার হোসেনকে একটি রিকশা কিনে দিতে চেয়েছেন। ঢাকা থেকে একজন তাঁর জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করতে চেয়েছেন। এ রকম আরও অনেকে এই মানুষটির পাশে দাঁড়াতে চেয়েছেন। অনেকে জানতে চেয়েছেন কীভাবে তাঁকে সাহায্য পাঠাবেন। রিকশাচালক দেলোয়ারের কোনো সঞ্চয়ী হিসাব নম্বর নেই। তিনি মুঠোফোনও ব্যবহার করেন না। তবে যাঁরা দেলোয়ার হোসেনের পাশে দাঁড়াতে চান, তাঁরা যোগাযোগ করতে পারেন এই মুঠোফোন নম্বরগুলোতে।
০১৭১১৬৪৩৩৮৫ অথবা ০১৭১৩০৬৭৭০০