দেলোয়ারের পুত্রবধূ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল হামিদ ওরফে ডাবলুর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। ডাবলুর প্রথম স্ত্রী নাসিমা আহমেদ (৩২) আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হয়েছেন। নাসিমার স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের নথিতে দেখা যায়, গত বৃহস্পতিবার রাত সোয়া তিনটায় নাসিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ওসিসিতে স্থানান্তর করা হয়। ভর্তির কারণ ‘শারীরিক আঘাতজনিত’ বলে উল্লেখ রয়েছে। হাসপাতালে নাসিমার সঙ্গে থাকা এক নিকটাত্মীয় প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে কিছু খাবার নিয়ে মগবাজারের ডাক্তারগলিতে এক স্বজনের বাসায় যান নাসিমা। ওই বাসা থেকেই তিনি স্বামী ডাবলুকে ফোন করে জানান যে কিছু খাবার এনেছেন, তাঁকে দিতে চান। এরপর তিনি খাবার নিয়ে রাত সাড়ে নয়টার দিকে ডাবলুর নিউ ইস্কাটনের বাসায় যান। ওই বাসায় ডাবলু তৃতীয় স্ত্রীকে নিয়ে থাকেন। রাত ১০টার পর নাসিমার স্বজনের মুঠোফোনে অজ্ঞাত একজন ফোন করে জানায়, নাসিমা অসুস্থ, তাঁকে নিয়ে যান। নাসিমার খোঁজে স্বজনেরা রাত পৌনে ১১টার দিকে নিউ ইস্কাটনে ডাবলুর বাসায় যান। গিয়ে দেখেন, ফ্ল্যাটের কমন বাথরুমের পাশে ভেজা, রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে আছেন নাসিমা। এরপর ডাবলুসহ স্বজনেরা নাসিমাকে প্রথমে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের ডাবলু জানান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে নাসিমার এ অবস্থা হয়েছে। সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে নাসিমাকে রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ওই স্বজন জানান, ডাবলুর নির্যাতনের কারণে নাসিমার এ অবস্থা হয়েছে। ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, যখন ভর্তি করা হয় তখন নাসিমার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, তাঁর মূত্রনালিতেও আঘাত ছিল। এখন অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, তিনি একটু সুস্থ হয়ে উঠলেই নাসিমাকে আইনি সহায়তার প্রক্রিয়া শুরু করা হবে।নাসিমার পারিবারিক একটি সূত্র জানায়, তাঁর বাবার বাড়ি পুরান ঢাকার নাজিরাবাজারে। পরিবারের অমতে প্রায় ১৮ বছর আগে ডাবলুর সঙ্গে নাসিমার বিয়ে হয়। খোন্দকার দেলোয়ার আলভী (১২) ও আহনাত হামিদ অর্বিল (৭) নামে তাঁদের দুই ছেলে রয়েছে। সূত্রটি জানায়, ডাবলু পরে আরও দুটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী রোমানা রহমানের সঙ্গে ডাবলুর এখন আর সম্পর্ক নেই। তৃতীয় স্ত্রী তানভিন সুলতানার সঙ্গে নিউ ইস্কাটনের প্রপার্টি এনক্লেভ অ্যাপার্টমেন্টে থাকেন ডাবলু। আর প্রথম স্ত্রী নাসিমা থাকেন আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ে একটি বাসায়। এ ব্যাপারে ডাবলুর বক্তব্য জানতে গতকাল সোমবার তাঁর নিউ ইস্কাটনের বাসায় গেলে বাসার নিচতলার নিরাপত্তারক্ষীরা জানান, তিনি নেই। এ সময় ইন্টারকমে তাঁর তৃতীয় স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। ডাবলুর মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।