দেলোয়ারের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত মঙ্গলবার প্রথম আলোয় ‘দূরে দূরে দেলোয়ার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে বলেছেন, তাঁর সঙ্গে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো দূরত্ব বা মতপার্থক্য নেই। গতং বুধবার পাঠানো প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, প্রথম আলোর ওই প্রতিবেদন বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। প্রতিবেদক তাঁর সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটিয়ে মনের মাধুরী মিশিয়ে প্রতিবেদনটি মুখরোচক করে উপস্থাপন করেছেন।প্রতিবাদে বলা হয়েছে, দলের চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের কথা কখন কীভাবে হবে বা হয়ে থাকলে তা সব সময় সংবাদমাধ্যমের জানার কথা নয়। গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কারণে চেয়ারপারসনের কার্যালয়ে যেতে পারেননি।খোন্দকার দেলোয়ার বলেছেন, গত নির্বাচনে মনোনয়ন নিয়ে চেয়ারপারসনের সঙ্গে তাঁর মতদ্বৈদতার কথা মিথ্যা। যেকোনো বিষয়ে কারও কারও ভিন্ন মত থাকতেই পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সর্বসম্মতিক্রমে। গত নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে তাই হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকের কোনো বক্তব্য নেই। আর প্রতিটি বিষয়ে খোন্দকার দেলোয়ারকে মোবাইল ফোনে প্রশ্ন করে তাঁর বক্তব্য নেওয়া হয়েছে। অবশ্য দেলোয়ার দাবি করেছেন, কোনো কথা হয়নি। কিন্তু যে ফোন দিয়ে কথা হয়েছে, তার রেকর্ড অনুযায়ী, ২২ মার্চ রাত সাতটা ৪৪ মিনিটে খোন্দকার দেলোয়ারের মোবাইলে ফোন করা হয়। সে সময় তাঁর সঙ্গে কথা হয়েছে তিন মিনিট। এর আগে সন্ধ্যা ছয়টা ৫৭ মিনিটেও তাঁর মোবাইলে ফোন করা হয়। সে সময় তাঁর বাসার একজন কর্মীর সঙ্গে ২৪ সেকেন্ড কথা হয়। ওই কর্মী তখন ঘণ্টাখানেক পরে ফোন করতে বলেছিলেন। সে অনুযায়ী সাতটা ৪৪ মিনিটে ফোন করা হলে তিনিই খোন্দকার দেলোয়ারকে ফোনটি দেন।প্রতিবেদনে গত নির্বাচনে মনোনয়ন দেওয়া নিয়ে খোন্দকার দেলোয়ারের সঙ্গে খালেদা জিয়ার মতদ্বৈদতার কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে খোন্দকার দেলোয়ার চেয়েছিলেন কয়েকজন যেন মনোনয়ন না পান, আর তাঁর ছেলে যেন মনোনয়ন পান। প্রতিবেদনে খোন্দকার দেলোয়ারের অসুস্থ হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।