দেলোয়ারের সহায়তায় শত হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলোয়ারের সহায়তায় শত হাত
দেলোয়ারের সহায়তায় শত হাত

এক পায়ের দেলোয়ার হোসেনের জন্য সহায়তার শত হাত বাড়িয়েছেন প্রথম আলোর পাঠকেরা।
‘এক পায়ে অবিরাম ২১ বছর’ শিরোনামে দেলোয়ারের কঠিন জীবনসংগ্রামের কথা গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়। এরপর দেশ ও দেশের বাইরে থেকে অনেকে প্রথম আলো কার্যালয়ে যোগাযোগ করে তাঁকে সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেন।
এ অবস্থায় গতকাল বুধবার দেলোয়ার হোসেনের নামে একটি ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে। আগ্রহী যে কেউ এখন এই হিসাবে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।
দেলোয়ারের সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০৫৫২৩৩, অগ্রণী ব্যাংক, বি কে রোড শাখা, নারায়ণগঞ্জ।
২১ বছর ধরে এক পায়ে রিকশা চালিয়ে যাচ্ছেন দেলোয়ার। এই আয় দিয়েই চলছে তাঁর তিন সদস্যের সংসারের চাকা। কিন্তু এখন তিনি কিডনি রোগে ভুগছেন।
কৃত্রিম অঙ্গ সংযোজনকারী বেসরকারি প্রতিষ্ঠান এনডোলাইট বাংলাদেশ দেলোয়ারকে বিনা মূল্যে একটি কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
দেলোয়ারকে সহায়তা করার ইচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও দুবাই থেকে বেশ কয়েকজন প্রবাসী প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেছেন। এ ছাড়া ঢাকা থেকে একাধিক ব্যক্তি ও নোয়াখালী থেকে একজন ফোন করে সহায়তা করার ইচ্ছা জানিয়েছেন। কয়েকজন গতকাল বুধবারও প্রথম আলো কার্যালয়ে যোগাযোগ করে দেলোয়ারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।