দেশ অচল, বিপর্যস্ত জনজীবন

সড়ক, রেল ও নৌপথ বন্ধ। ফলে অবরুদ্ধ সারা দেশ। টানা চার দিন ধরে চলছে এই অবস্থা। ফলে বিপর্যস্ত জনজীবন। সারা দেশ অচল আর রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে এই অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে খোদ সরকার।
এর আগে সপ্তাহের দু-এক দিন বাদ দিয়ে এক মাস বিএনপি-জামায়াতের অবরোধ, নাশকতা-নৃশংসতা মানুষকে পর্যুদস্ত করে দিয়েছিল। সেই তাদের ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ ঠেকাতে সরকারই সব অচল করে দিল।
গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্তও ঢাকায় কোনো ট্রেন আসেনি, ছেড়েও যায়নি কোনো ট্রেন। দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার নৌ-যোগাযোগও ছিল বন্ধ। বন্ধ রাখা হয়েছে সড়ক যোগাযোগও। সরকার সব অবরুদ্ধ করলেও অফিস-আদালত খোলা ছিল। এ জন্য ঢাকাসহ সারা দেশের কর্মজীবী মানুষকে যানবাহন সংকটে নাকাল হতে হয়েছে। এর সঙ্গে যুক্ত পুলিশি তল্লাশির ভয়। বিরোধী দলের দীর্ঘ অবরোধ থেকে ছাড়া পেয়ে যারা ছুটি নিয়ে ঢাকার বাইরে গেছেন বা ঢাকায় এসেছেন, তারা পড়েছেন বিড়ম্বনায়। চাকরি হারানোর শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই।
কেরানীগঞ্জের আগানগর স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ইস্রাফিল হায়দার বললেন, তিনি মিটফোর্ড হাসপাতালের অফিস সহকারী। গত দুই দিন অফিসে যেতে পারছেন না। গতকাল সকালে পুলিশকে পরিচয়পত্র দেখানোর পরও ফিরিয়ে দিয়েছে পথ থেকে। রাজনৈতিক কর্মসূচির সময় অফিস কামাই করা বিপজ্জনক, বড়কর্তার মধ্যে রাজনৈতিক মতাদর্শগত সন্দেহের উদ্রেক হয়। আর অফিসে যেতে হলে ভোগান্তির পাশাপাশি জীবন বাজি রেখে চলতে হয়। গত চার দিনসহ গত কয়েকটা মাস এভাবেই কাটছে সাধারণ মানুষের।
সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ‘অবরোধ’ তুলে নেওয়ার নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে সরকারের নির্দেশে বন্ধ আর তাদের নির্দেশেই চালু করলে—বিরোধী দলের আচরণ কী হবে, সে বিষয়ে শঙ্কা কাজ করছে পরিবহন মালিকদের মধ্যে। ‘শাঁখের করাতে’ পড়েছেন বলে জানালেন পরিবহন মালিকেরা।
বিরোধী দলের অবরোধের শেষের দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অবরোধের মধ্যে পরিবহন মালিকদের বাস চালানোর জন্য চাপ দেন। এক সপ্তাহের ব্যবধানে বিরোধী দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ ঠেকাতে এবার সরকার পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেন। তাতে চার দিনের ‘কঠিন অবরোধে’ পড়ে সারা দেশ।
দুর্ভেদ্য ঢাকা, দুঃসহ জনজীবন: গতকাল সকাল ১০টার দিকে প্রেসক্লাব এলাকায় ট্যাক্সিক্যাব চালক ফয়জুর রহমান বলেন, ভোরে বিনা বাধায় মিরপুর থেকে তিন যাত্রী নিয়ে টঙ্গী গিয়েছিলেন তিনি। আসার পথে টঙ্গী সেতুর কাছে পুলিশ যাত্রী নামিয়ে গাড়িও ঘুরিয়ে দেয়। এক ঘণ্টা পর খালি ট্যাক্সি নিয়েও ঢাকায় ঢুকতে পারেননি তিনি। তৃতীয়বার দুজন চিকিৎসক যাত্রীর সহায়তায় ঢাকার মহাখালীতে আসতে পারেন তিনি।
গত শনিবার থেকে রাজধানীর অন্যতম প্রবেশমুখ বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু দিয়ে যানবাহন চলাচল দূরে থাক মানুষের হাঁটার ওপরও বিধিনিষেধ আরোপ করে পুলিশ। পুলিশের সঙ্গে লাঠি হাতে সরকারি দলের নেতারা তিন স্তরের পাহারা বসান।
ঢাকা-আরিচা পথে যান চলাচল বন্ধ রাখতে সাভার থেকে গাবতলী পর্যন্ত ১০টি স্থানে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের তৎপরতা দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল পথে গাজীপুর থেকে টঙ্গী সেতু পর্যন্ত র্যাব-পুলিশের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না। ঢাকা-কাঁচপুর প্রবেশপথও পথচারীদের জন্যই দুর্বোধ্য করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিবহন তো দূরের কথা।
সকাল ১০টার দিকে রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ থেকে আসা দুটি বাস থেকে যাত্রীদের নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাত্রীদের মধ্যে যাঁদের কোনো পরিচয়পত্র ছিল না, তাঁদের ফেরত পাঠানো হয়। এঁদের মধ্যে প্রিয়তোষ ও রফিকুল বলেন, তাঁরা ঠাটারীবাজারে মুদি দোকানে কাজ করেন। তাঁদের কাছে পরিচয়পত্র থাকার কথা নয়। টেলিফোনে মালিকের সঙ্গে কথা বলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ বলেছে, সময় নেই। মালিক আগেই বলে রেখেছেন, কাজে না এলে বেতন কাটা হবে।
সারা দেশে নিশ্চল সড়ক: ঢাকার বাইরেও সেই একই অচলাবস্থা। দুলারী খাতুন রাজশাহী থেকে নিয়মিত বাসে বাঘা উপজেলায় গিয়ে স্কুল করেন। গতকাল সকালে গিয়ে বাস না পেয়ে রেলস্টেশনে যান। সেখানেও বিফল হন। গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল বছরের সর্বনিম্ন, ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুলারীর এই ছোটাছুটির সঙ্গে আষ্টেপৃষ্ঠে ছিল কনকনে ঠান্ডাও। তিনি বলেন, ‘এমন অদ্ভুত পথ চলার অভিজ্ঞতা আমার জীবনে আর হয়নি।’ পরে মুঠোফোনে দুলারী জানান, প্রথমে ব্যাটারিচালিত অটোরিকশা, পরে হিউম্যান হলারে, এরপর ভটভটিতে বাঘায় কর্মস্থলে পৌঁছান তিনি।
রাজশাহী শহর থেকে উত্তরে নওগাঁ ও পশ্চিমের চাঁপাইনবাবগঞ্জের পথে বাস চলেছে গতকাল। কিন্তু ঢাকার পথে চলেনি। এমনকি ঢাকামুখী বলে রাজশাহীর দক্ষিণ-পূর্ব দিকের নাটোর, বগুড়া, রংপুর ও পাবনা, এমনকি রাজশাহীরই বাঘা, চারঘাটের পথের বাস চলতে দেয়নি পুলিশ। বাসের এই অদ্ভুত গতিবিধি দেখে হতভম্ব যাত্রীরা রাস্তায় ঘোরাঘুরি করেন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার, তিন পার্বত্য জেলা, বৃহত্তর নোয়াখালীর পথে অল্প কিছু যানবাহন চললেও তা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তেমন ভূমিকা রাখতে পারেনি। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘এত দিন ছিল বিরোধী দলের জ্বালাও-পোড়াও আর এখন চলছে সরকারের গাড়ি রিকুইজিশন আতঙ্ক।’
খুলনা থেকে ঢাকার পথে কোনো যান চলেনি। মহানগর এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির টহলের মধ্যে কিছু ইজিবাইক-রিকশা চলেছে। নগরের বাসিন্দা কামরুল শেখ বলেন, সবার মধ্যেই কখন কি হয়—এমন একটা আতঙ্ক। জরুরি কাজ না থাকলে বের হতেন না তিনি।
সোনাডাঙ্গা বাস টার্মিনালে সাইমা খানম বলেন, অসুস্থ মাকে দেখতে পিরোজপুর যেতে চেয়েছিলেন। বাস না থাকায় ফিরে যাচ্ছেন।
রূপসা-পিরোজপুর রুটের বাসচালক শফিকুল বলেন, ‘এক দিকি সরকার দল অন্য দিকি বিরোধী দল। গাড়ির সাথে জান (জীবন) হারানো ভয়।’
বরিশাল বাস টার্মিনালে গতকাল সোহরাব হাওলাদার বলেন, ছুটিতে বাড়ি এসে আটকে গেছেন। ভাঙা পথে যাবেন যে সেই অবস্থাও নেই। বেসরকারি ছোট চাকরি, থাকবে কি না, এই শঙ্কায় পেরেশান তিনি।
রংপুরে সরকার-সমর্থক পরিবহন শ্রমিক সংগঠন পুরো জেলাতে ধর্মঘট ডাকে গত শুক্রবার। সকালে সাজিন হোসেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভেঙে ভেঙে ঢাকায় রওনা হন। প্রথমে অটোরিকশায় ওঠেন বগুড়ায় যাওয়ার উদ্দেশে। সাজিন বলেন, ‘বগুড়ায় যেতে ছয়বার অটো বদল করতে হবে। এরপর আরও কত কি কে জানে। অনিশ্চিত পথে যাত্রা শুরু করলাম।’
সিলেট নগরের চলাচল স্বাভাবিকই ছিল। তবে আতঙ্কের কারণে জনজীবন স্বাভাবিক হতে পারেনি। দূরপাল্লার বাস চলেনি। বিকেলে মানুষের চলাচল কিছুটা বেড়েছে। বন্দরবাজারের খুদে ব্যবসায়ী আজিজ মিয়া বলেন, ‘দুই দিন ধইর্যা বেচাকেনাও অইতাছে না।’
রেল ও নৌপথ: গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়েনি, আসেনি কোনো ট্রেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, সন্ধ্যার পর ট্রেন চালানোর নির্দেশনা পেয়েছে। তবে ঢাকায় প্রান্তে চালানোর মতো ট্রেন ছিল একটিই, যমুনা এক্সপ্রেস। সেটি রাতে চালানোর কথা। কমলপুর-নারায়ণগঞ্জ পথেও রাতে একটি ট্রেন ছাড়ে।
সারা দিন ঢাকা পর্যন্ত ট্রেন না চললেও এলাকাভিত্তিক (লোকাল) কিছু ট্রেন চলাচল করেছে। জামালপুর থেকে ময়মনসিংহ ও সিলেট থেকে আখাউড়া পথে সীমিত আকারে ট্রেন চলেছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন গড়ে ঢাকায় ১২২টি ট্রেন আসা-যাওয়া করে। শুক্রবারের পর থেকে সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।
নদীতে ঢেউ তোলেনি লঞ্চ: গত শুক্রবার রাতেই বরিশাল নৌবন্দর থেকে ঢাকামুখী চারটি লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এরপর আর বরিশাল থেকে লঞ্চ ছাড়েনি। শুক্রবার থেকে দক্ষিণের জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠিতে লঞ্চ বন্ধ ছিল।
গত শুক্রবার লঞ্চ থেকে নামিয়ে দেওয়া রোকসানা বেগম গতকালও বরিশাল নৌ টার্মিনালে গিয়েছিলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে বেড়াতে এসে আটকে গেছেন। এখন ফেরা জরুরি। লঞ্চ ছাড়বে শুনে এসেছেন। রাত পর্যন্ত অপেক্ষা করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাতে বরিশাল থেকে লঞ্চ ছেড়েছে।