দেশ অনেক এগিয়ে যাচ্ছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফলের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, জীবন হয়েছে অনেক সহজ, সুন্দর। আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের টেম্পোস্ট্যান্ড মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশের মানুষ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ২০-দলীয় জোট দেশের উন্নয়নের যাত্রা ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে বিএনপি জোটের হরতাল অবরোধের মতো কর্মসূচির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ এখানে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার প্রমাণ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকা। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’ এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মুন্সি, সম্পাদক আবদুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক জামিল হোসেন, শাহিনুর রেজা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।