দেশ আজ মহাসংকটে: খালেদা

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দেশ আজ মহাসংকটে। ‘মহাদুর্নীতিবাজ ও জালিম’ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে রাজনৈতিক নেতাদের সম্মানে ১৮ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতা থেকে বিদায় নিলে মানুষ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। আগামী দিনে ১৮-দলীয় জোট ক্ষমতায় এলে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সরকারের হাত থেকে রক্ষা পেতে এই রমজানে আল্লাহর কাছে সবাইকে দোয়া করার আহ্বানও জানান তিনি।
ইফতারের আগে এলডিপির চেয়ারম্যান অলী আহমদও শুভেচ্ছা বক্তব্য দেন। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, আবদুল মঈন খান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান এবং ১৮ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।