দেশ আমার, ভোট হবে ভাইদের মধ্যে: লতিফ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বিরোধী দলের নির্বাচনকে একতরফা হিসেবে চিহ্নিত করা প্রসঙ্গে বলেছেন, ‘সবে তো একতরফা হয়, দেশ আমার ভোট হবে আমার আর আমার ভাইদের মধ্যে। এ গ্রামে আছে কারা? আমরা আর মামুরা, আমরা আর মামুদের মধ্যে তো সব হবে।’

আজ বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরের বাটার মোড়ে  অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে যা-ই বলুক, শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৫ জানুয়ারির নির্বাচন হবেই।’

পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, ‘৭১ সালে গোলাম আযম আমাদের মুক্তিযোদ্ধাদের সামনে পড়লে ফুটুশ হয়ে যেত, আর তার ক্ষমতার সামনে আমরা পড়লে আমরাও ফুটুশ হয়ে যেতাম।’ তিনি বলেন, ‘তাহলে এখন আমাদের সামনে পড়েছে, ফুটুশ না করে গালে চুমু দিব কেন? গালে চুমু দিতে গেলে ও তো আমার পেটে  ছুরি দিবে। তাই শত্রুকে সুযোগ দিতে নেই।’

আবদুল লতিফ সিদ্দিকী টেলিভিশনে প্রচারিত টক শোর বক্তাদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাঁরা বলেন, “দুই দল দেশটাকে খাইল।” ৫২ সালে টক শো ছিল না, “মর্নিং নিউজ” বলে একটা পত্রিকা ছিল। তখন তারা বলেছে, “ঢাকার রাস্তায় ধুতি গড়াগড়ি খাচ্ছে।” অর্থাত্ হিন্দুরাই ভাষা আন্দোলন করছে। ৫৪ সালে বলতো, “নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে।” ৫৪তে নৌকায় ভোট দেওয়াতে যদি বিবি তালাক হয়, তাহলে কি আমরা সবাই জারজ?’ তিনি বলেন, ‘৬৬ তে বলত, “জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি খুলে ধুতি পিন্দ”, আমরা কি ধুতি পরেছি?’ 

মন্ত্রী বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সেদিন খালেদা জিয়া বলেছে, “পার্বত্য চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে।” তার এ কথাও যেমন সত্যি হয় নাই, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, “বাংলাদেশ স্বাধীন হবে”, স্বাধীন হয়েছে।’ সভায় বক্তারা আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফতাবউদ্দিন সরকারকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য মির্জা জলিল, সাংসদ ফজলে রাব্বী, সাংসদ  নুরুল ইসলাম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাংসদ পদপ্রার্থী আফতাব উদ্দিন সরকার প্রমুখ।