দেশ আরও সংকট ও সংঘাতের দিকে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির কারণে দেশে আজ সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশ আরও সংকট ও সংঘাতের দিকে এগোচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে এই দুই দলের বাইরে এসে জনগণকে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) মিলনায়তনে জেলা সিপিবি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। সিপিবির জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হজরত, জেলা সিপিবির সদস্য আবদুল হাকিম, গোবিন্দ সাহা, মজিবুর রহমান ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম। আলোচনা সভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। একজন আপদ, আরেকজন বিপদ। এক জোটে স্বৈরাচার, আরেক জোটে রাজাকার।’ তিনি আরও বলেন, চারদিক থেকে সংকট আজ ঘনীভূত হয়ে আসছে। সারা দেশে জামায়াত-শিবির নৈরাজ্য চালাচ্ছে। পুলিশ বাহিনীর ওপর এখন নির্যাতন হচ্ছে, আর অন্য পুলিশ সদস্যরা নিরুপায় হয়ে তা তাকিয়ে দেখছেন। এটা কিসের আলামত? তিনি বলেন, এ সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতু কেলেঙ্কারি, সোনালী ব্যাংক ও হল-মার্ক কেলেঙ্কারি হয়েছে। চারদিকে কেবল কেলেঙ্কারি আর কেলেঙ্কারি। আগে দুর্নীতি হতো হাওয়া ভবনে, আর এখন হয় বহু ভবনে।