দেশ উন্নয়নের পূর্বশর্ত নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। পাশাপাশি সমাজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীদের অবস্থান দৃঢ় হয়। পরিবারে তাঁরা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারেন। এ জন্য দরকার শুধু নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা।

‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি: কেন লৈঙ্গিক বৈষম্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথাগুলো বলেন। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এর আয়োজন করে ইকোনমিক এমপাওয়ারমেন্ট ফর পুওর অ্যান্ড ভালনারেবল উইমেন ইন বাংলাদেশ (ইইপি), ব্র্যাক।

অনুষ্ঠানে জানানো হয়, নারায়ণগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক দরিদ্র নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রকল্প বাস্তবায়ন করেছে। যার আওতায় নারীদের জীবিকা উন্নয়নমূলক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সময় তাঁদের স্বামী বা বাবাসহ জেন্ডার-বিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়। প্রকল্পটির মেয়াদকাল ফেব্রুয়ারি ২০১৩ থেকে জানুয়ারি ২০১৭।

বক্তারা বলেন, এ প্রকল্পে ব্র্যাক কেবল নারীদের প্রশিক্ষণ দিয়েছে, কোনো অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়নি। অথচ প্রশিক্ষণ নেওয়া নারীদের ৯২ শতাংশ এখন অর্থনৈতিক কাজে সম্পৃক্ত। তাঁদের অনেকে সফল উদ্যোক্তা হিসেবে জয়িতা পুরস্কারও পেয়েছেন। অর্থাৎ নারীদের মানসিক অবস্থার পরিবর্তন হলে তাঁরা যেকোনো কাজেই অংশগ্রহণ করে সফলতা পেতে পারেন।

সাবিকুন নাহার এখন একজন সফল উদ্যোক্তা। মাসে তাঁর আয় প্রায় ৩০ হাজার টাকা। তিনি বলেন, এই প্রশিক্ষণ নিয়ে ব্যবসার প্রয়োজনীয় কৌশল শেখার পাশাপাশি আমার ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এখন আমি সহজেই সবার সঙ্গে যোগাযোগ করতে পারি।
জেন্ডার-বিষয়ক প্রশিক্ষণ নেওয়া মো. সেলিম বলেন, আগে আমি ঘরের কাজ করতাম না। এখন বুঝতে পারি সংসারটা দুজনের; ঘরের কাজ করে আনন্দ পাই। স্ত্রীকে বাইরে কাজ করতে দিই।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ইয়রগেন হেইম্যান বলেন, এই প্রকল্পের সফলতার কৌশল হলো পুরুষদের সম্পৃক্তকরণ। পুরুষদের মধ্যে জেন্ডার-বিষয়ক সচেতনতা এলে লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়ন দ্রুত সম্ভব।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু বলেন, মেয়েরা ব্যবসায়ী হবে—এটা একসময় স্বপ্ন ছিল। কিন্তু মেয়েরা এখন ব্যবসা করছে, নারী উদ্যোক্তা হয়ে সফল হচ্ছে। অর্থনৈতিক কাজে নারীদের সম্পৃক্ত করতে সরকারও অনেক ধরনের কাজ করছে। তবে এতে বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সবার সহযোগিতা দরকার।

বৈঠকে সভাপতিত্ব করেন ব্র্যাকের সিইপি, জিজেডি এবং আইডিপি পরিচালক আন্না মিন্জ। তিনি বলেন, একটু সহযোগিতা নারীর জীবন বদলে দিতে পারে। প্রশিক্ষণ নেওয়া নারীরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তাঁর পরিবারও পরিচালনা করছে।