দেশ এখন উন্নয়নের মহাসড়কে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা লড়াই করছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে; যারা বাংলাদেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা মানুষ পুড়িয়ে মারছে, রাজনীতিবিদ-শিল্পী-সাহিত্যিক-লেখক-সাংবাদিকদের হত্যা করছে। এই অপশক্তিকে রুখতে হবে।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছানোর পর সুনামগঞ্জের শিল্পীরা তাঁকে মরমি সাধক রাধারমণ দত্ত, হাসন রাজা, বাউল শাহ আবদুল করিম, দুর্বিণ শাহের গানে গানে স্বাগত জানান।
মন্ত্রী আরও বলেন, ‘যে শিশু গান শুনে না, কবিতা পড়ে না, ছবি আঁকে না, আকাশ দেখে না, সে বিকশিত হতে পারে না। আমরা আলোকিত সমাজ, আলোকিত প্রজন্ম চাই। আলোকিত প্রজন্মই সব অন্ধকার রুখে দেবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও শামসুন্নাহার বেগম শাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষÿপঙ্কজ দে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নবনির্মিত শিল্পকলা একাডেমির ৪০০ আসন বিশিষ্ট মিলনায়তন মরমি কবি হাসন রাজার নামে, প্রশাসনিক ভবন বৈষ্ণব কবি রাধারমণ দত্ত ও মুক্তমঞ্চের নামকরণ করা হয়েছে বাউল সম্রাট শাহ আবদুল করিমের নামে।