দেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় সরকারের সমালোচনা করেছেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সুশাসন আনতে বলেছেন।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। সারা দেশেই ধর্ষণ বেড়ে গেছে। নারীরা নিরাপদে চলাফেরা করতে না পারলে সভ্য দেশ বলে গণ্য করা যাবে না। তিনি বলেন বাজেটের দুর্বলতা হলো মানুষের মধ্যে সম্পদের বৈষম্য বাড়ছে। অর্থমন্ত্রী এ ব্যাপারে ভিন্নমত পোষণ করলেও গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে এ বৈষম্য বেড়েই চলেছে। এর ফলে সামাজিক অস্থিরতা ও অস্থিতিশীলতা একসময় বিস্ফোরণে রূপ নিতে পারে। তিনি বলেন, প্রবৃদ্ধির সুফল মানুষের কাছে পৌঁছাতে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দেশে দুর্নীতির জন্য প্রবৃদ্ধির আড়াই ভাগ হারিয়ে যাচ্ছে বলে বিশ্বব্যাংকের হিসাবে বলা হয়েছে। দেশে সুশাসন প্রয়োজন। টেন্ডারবাজি, সন্ত্রাস, হত্যা—এসব ঘটনা জাতীয় অর্জন ম্লান করে দিচ্ছে।
রাশেদ খান মেনন বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের প্রশংসা করলেও বিদ্যুৎ খাতের নানা দিক নিয়ে সমালোচনাও করেন। তিনি বলেন, ‘বিশেষ আইন করে অতীতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। এটা জাতীয় স্বার্থের বিরুদ্ধেই গেছে, পক্ষে গেছে তা বলব না। এ ধরনের আইনের প্রয়োজন আছে বলে মনে করি না। আদানি ও রিলায়েন্স গ্রুপ আমাদের জাতীয় স্বার্থের পক্ষে কাজ করবে বলে আমি বিশ্বাস করি না।’ এ বিষয়টি পুনর্বিবেচনার জন্য তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।
মেনন বলেন, বিদ্যুতের সবকিছু বেসরকারি খাতে চলে যাচ্ছে। জ্বালানি খাত পুরোটাই ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে গতি নেই। বিনিয়োগ নেই। অবকাঠামো উন্নয়নে গতি নেই। তিনি বলেন, শিক্ষার বরাদ্দ তুলনামূলক কম। শিক্ষামন্ত্রী পাঁচ বছর ধরে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা বলছেন। বর্তমান পে-স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পে-স্কেল প্রত্যাখ্যান করেছেন। টাইম স্কেল বাদ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এই পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন হলে সারা দেশে শিক্ষক অসন্তোষ ছড়িয়ে পড়বে।
রাশেদ খান মেনন বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকলেও ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সহজ হবে না। আজ পর্যন্ত বেগম জিয়া অবরোধ প্রত্যাহার করে নেননি। জানি না এ অবরোধ আছে কি না। এখন তাঁরা বলছেন রাজনৈতিক সমঝোতার কথা। রাজনৈতিক সমঝোতা হতে হলে বিএনপিকে অবশ্যই সহিংসতা ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসতে হবে। জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কের ছেদ ঘটাতে হবে।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ অধিবেশনে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের কেউ না থাকার সমালোচনা করেন। এ বাজেট বাস্তবায়ন হবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতির দুই প্রধান উপাদান মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেটে বিশৃঙ্খলা চলছে। সোনালী ও বেসিক ব্যাংক থেকে গত পাঁচ-ছয় বছরে ১০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এগুলো গ্রাহকদের টাকা, সাধারণ মানুষের টাকা। লুটপাট বন্ধ করার জন্যই সরকার। এই লুটপাটের সঙ্গে যারা দায়ী, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। এ জন্য জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।’ তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে বলেন, ‘পুঁজিবাজার থেকে টাকা পাচার হয়েছে। সুইস ব্যাংকে টাকা পাচার হচ্ছে। এরা কারা? এদের নাম জানতে চাই।’
জিয়াউদ্দিন বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ নেই। তারপরও অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন ৭ ভাগ প্রবৃদ্ধি করবেন। ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ এখনো শেষ হচ্ছে না। এলিভেটেড এক্সপ্রেসের কথা শুনছি, এটা মনে হয়, স্বপ্নেই থেকে যাবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বারবার বলছেন, অমুক দিন হবে, তমুক দিন হবে। আমরা এত কথা শুনতে চাই না। বাস্তবায়ন চাই।’ তিনি বলেন, গ্যাস-সংযোগ নেই। ফলে শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে না। যানজট ঢাকা ও চট্টগ্রাম শহর, এমনকি মহাসড়কেও। এতে মানুষের সময় নষ্ট হচ্ছে।
জিয়াউদ্দিন আহমেদ শিক্ষা খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করে বলেন, ‘শিক্ষার মান কমে গেছে। জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ২৫ বছর ধরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ নেই। এখান থেকে ছাত্ররাজনীতি শেখা যেত।’ তিনি বলেন, ‘আজ ছাত্ররাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি হচ্ছে। এসব বন্ধ করতে হবে। ছাত্ররাজনীতির নামে অপরাজনীতি হচ্ছে। সন্ত্রাস হচ্ছে। আমরা এর অবসান চাই। সুশাসন আনতে হবে।’
সিমিন হোসেন রিমি বলেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করতে হবে। স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়াতে হবে।
হাছান মাহমুদ সঞ্চয়পত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়ানোর অনুরোধ করেন।
বাজেট আলোচনায় আরও বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রমুখ।