দেশ এখন মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ

মাছ ও মাংসে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, মেধাবী জাতি গঠনে আমিষের কোনো বিকল্প নেই। তাই দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে তাঁর মন্ত্রণালয়। এ জন্য এরই মধ্যে দেশ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজশাহীতে লাইভস্টক অ্যাওয়ার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। পোলট্রি মুরগির মাধ্যমে মাংসেও স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। তাই গত দুই বছর বিদেশি পশু ছাড়াই দেশের কোরবানির চাহিদা মেটানো গেছে।
‘সকলের জন্য আমিষ’ প্রতিবাদ্য সামনে রেখে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন এ অনুষ্ঠানের আহ্বায়ক এম খালেকুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আইনুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক তালুকদার নুরুন্নাহার প্রমুখ।
এর আগে সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সেখানে লাইভস্টক পোলট্রি মেলার উদ্বোধন করেন। পরে তিনি তৃতীয় লাইভস্টক অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন এই অ্যাওয়ার্ড লাভ করেছেন।