দেশ এখন সাম্প্রদায়িক হামলার উর্বরক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রায় প্রতিটি প্রান্তর সাম্প্রদায়িক হামলার উর্বরক্ষেত্র হয়ে আছে। বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অস্থিরতা এবং দুষ্কৃতকারীদের যথাযথ বিচার না হওয়ায় রামুর পর প্রায় একই রকমভাবে সাঁথিয়ায় সাম্প্রদায়িক হামলা হয়েছে। এসব হামলার মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার কারণ ও প্রতিকার’ শীর্ষক ওই সভা আয়োজন করে সাম্প্রদায়িক সহিংসতাবিরোধী নাগরিক সমাজ।
বৈঠকে সাম্প্রদায়িক সহিংসতাবিরোধী নাগরিক সমাজ সাঁথিয়ায় সাম্প্রদায়িক হামলার ওপরে একটি প্রতিবেদন প্রকাশ করে। এটি পড়ে শোনান মানবাধিকারের কর্মী জ্যোতির্ময় বড়ুয়া।
প্রতিবেদনে বলা হয়, পাবনার সাঁথিয়ার সাম্প্রদায়িক সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাঁথিয়ার ঘটনার পেছনে চাঁদাবাজির পাশাপাশি স্থানীয় বা আঞ্চলিক রাজনীতি ও প্রভাব বিস্তার উল্লেখযোগ্য কারণ। ওই ঘটনায় ছাত্রলীগের নেতা কাউসার হাবিব সুইট আর ছাত্রশিবিরের নেতা জাকিরের যৌথ মিশনে বাবুল সাহাকে তুলে নেওয়া প্রমাণ করে যে স্বার্থের ঐক্যে রাজনীতি কোনো বাধা নয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ দেশে বেড়ে ওঠা সন্তান যে পাড়াকে নিজের জায়গা বলে জেনেছে ও চিনেছে, সাম্প্রদায়িকতার আবরণে মোড়া রাজনীতির খেলায় এক নিমেষেই সেই অতি পরিচিত পাড়া, নিজের দেশকে আপন ভাবতে পারছে না।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হিসাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫১ জেলায় মোট ১৪৬টি মন্দির ও ২৬২টি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, ২১৯টি দোকান লুট ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত, পাঁচজন নিহত ও ৬৫ জন আহত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সহিংসতার মূল পরিকল্পনাকারীরা বিচারের মুখোমুখি হন না বলেই এ ধারা চলতেই থাকে। এর সুপারিশে বলা হয়, এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি দরকার আইনি সংস্কার। সাম্প্রদায়িকতা প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়ন করা দরকার, যেখানে পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতার জন্য শাস্তির বিধান থাকবে এবং দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
প্রতিবেদনে সাঁথিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ পুনর্বাসনে সরকারি উদ্যোগ এবং ভেঙে দেওয়া বাড়ি ও পুড়িয়ে দেওয়া মন্দিরগুলো রাষ্ট্রীয় খরচে পুনর্নির্মাণ করে দেওয়ার দাবিও জানানো হয়।
প্রতিবেদন উপস্থাপনের পর মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, রাজনৈতিক ছাড়াও সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যে আরও কারণ রয়েছে। সেগুলো খুঁজে দূর করার দাবি জানান তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বর্তমানে তরুণদের একটি অংশকে বিভিন্ন নাশকতায় ব্যবহার করা হচ্ছে। একটি প্রজন্মের পেশা হয়ে উঠছে বিভিন্ন নাশকতায় অংশ নেওয়া।
বৈঠকে দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষক সলিমুল্লাহ খান, শিপ্রা বোস প্রমুখ বক্তৃতা করেন।