
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেছেন, ‘নির্বাচনের পর সরকার গঠন করে আমরা দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনেছি। দেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এটা কোনো কোনো মহলবিশেষের পছন্দ না। তাদের কান্না জঙ্গিবাদ-সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধী শক্তির জন্য।’
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিশেষ একটি শ্রেণী বিরোধী দলের (বিএনপি-জামায়াত) জন্য মায়াকান্না করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৪১৮ দিন সংসদ বসেছে। বিরোধী দল মাত্র ১৭-১৮ দিন সংসদে ছিল। আর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমানে বিএনপি নেতা মাত্র আট দিন সংসদে ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘অনেকে উপজেলা নির্বাচন নিয়ে নানা কথা বলার চেষ্টা করেন। ২০০১-এর ১ অক্টোবরের আগে থেকে বিএনপি-জামায়াত মিলে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর ওপর অত্যাচার করেছিল। তখন তাদের মুখ কোথায় ছিল? তারা কোনো কথা বলেনি। তখন মানবাধিকার লঙ্ঘনের কথাও তারা বলেনি। তখন যে নির্বাচন ঠিকভাবে হয়নি, সে কথাও তারা বলেনি। মনে হয়, তাদের চেতনা তখন অসার হয়ে গিয়েছিল। তাদের জ্ঞান লোপ পেয়ে গিয়েছিল। আমার মনে হয়, তারা জানে, বিএনপির নামে কথা বললে ওই তারেক জিয়ার হাতে চ্যাচা-মাইর খাইতে হবে।’
১৯৭৫-এর পর জিয়াউর রহমান পরাজিত শক্তি দোসর হিসেবে ক্ষমতা দখল করেছিল বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জিয়া কারফিউ গণতন্ত্র দিয়েছিলেন। ’৭৫ থেকে ’৮৬ পর্যন্ত বাংলাদেশে প্রতি রাতে কারফিউ ছিল। এটি হয়তো অনেকের স্মরণ নেই। তিনি বলেন, ‘অনেকে বলে জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছে। আমরা এটিকে কারফিউ গণতন্ত্র বলি। এ সময় ধনীক শ্রেণী গড়ে ওঠে। গরিব আরও গরিব হয়েছে। ’৭৫-এর আগে কেউ আঙুল ফুলে কলাগাছ হয়নি।’ তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দুর্নীতির দরজা খুলে দেওয়া হয়। ব্যাংকের ঋণ পরিশোধ না করা ও কালোটাকার প্রচলন শুরু হয়।
বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যে আদর্শ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন তা নিয়েই আমাদের চলতে হবে।’
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।