আগামী ৬ এপ্রিলের লংমার্চ প্রত্যাহার করতে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন ১০১ জন বিশিষ্ট আলেম। ‘সচেতন হক্কানি আলেম সমাজ’-এর আহ্বায়ক মাওলানা জহিরুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে আলেমরা বলেন, হেফাজতে ইসলামের সভাপতি শাহ আহমদ শফী এবং লংমার্চের উদ্যোক্তা মুফতি ইজহার, জুনায়েদ বাবুনগরী, নূর হোসাইন কাসেমীসহ বরেণ্য আলেমরা এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং সুপরামর্শ দিয়েছেন। তাই বর্তমান পরিস্থিতিতে দেশ ও জনগণের কথা বিবেচনা করে শান্তিপূর্ণ উপায়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করাই যৌক্তিক। বিবৃতিতে স্বাক্ষর করেছেন মুফতি মুহাম্মদ শহীদউল্লাহ, মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আবদুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।