শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনসহ দুটো শহীদ মিনারের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিনব্যাপী এসব উন্নয়নমূলক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘মন্ত্রিত্ব বড় কথা নয়, মন্ত্রী হয়ে দেশ ও জাতির জন্য কী করতে পারলাম, সেটাই বড় কথা। আমরা কাজের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের যথার্থতা প্রমাণ করতে চাই। আমরা চাই বাংলাদেশকে শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে উন্নত করতে। এ জন্য সবার অন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার তেরাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সকাল সাড়ে নয়টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় মন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচি। এরপর পর্যায়ক্রমে কাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার, কসবা আদর্শ স্কুল ভবন, শ্রীধরা স্কুল ভবন, নবাং-সুতারকান্দি স্কুল ভবন উদ্বোধন, নবাং-সুতারকান্দি-দুধবকশী পাকাকরণ কাজের উদ্বোধন ও উচ্চবিদ্যালয় পরিদর্শন, মাথিউরা ইউনিয়ন পরিষদ শহীদ মিনার উদ্বোধন ও বৃত্তি প্রদান, কেন্দ্র মাথিউরা স্কুল ভবন উদ্বোধন, দক্ষিণ মাথিউরা স্কুল ভবন উদ্বোধন, বেজগ্রাম ফ্লাড সেন্টার উদ্বোধন, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন, দাসউরা উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন করে রাতে ঠিকাদার সমিতি ও বিয়ানীবাজার রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।শিক্ষামন্ত্রীর দিনব্যাপী অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা সঙ্গে ছিলেন।