দেশ ও মানুষকে ভালোবাসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও দেশের মানুষকে ভালোবাসার আহ্বানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর তিন দিনব্যাপী জন্মশতবর্ষ উত্সব শুরু হয়েছে। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে উত্সবের উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। কাল ১০ জানুয়ারি বিপ্লবী বিনোদ বিহারী ১০০ বছরে পা দেবেন।শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।উদ্বোধনী ভাষণে বিনোদ বিহারীর সঙ্গে সুর মিলিয়ে বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘দেশ ও দেশের জনগণকে ভালোবাসতে হবে এবং সাহস রাখতে হবে। এই তিন আদর্শে অনুপ্রাণিত হতে পারলে আমরা আমাদের দেশকে গড়তে পারব।’ তিনি বলেন, ‘আমাদের প্রতি এটি হচ্ছে বিনোদ বিহারীর এক ধরনের নসিহত।’এর আগে বিনোদ বিহারী বলেন, ‘কাপুরুষতা, ভীরুতা ত্যাগ করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের মানুষ ও দেশকে ভালোবেসে বুকে সাহস নিয়ে এগিয়ে এলে সত্যিকার সোনার বাংলা গড়ে উঠবে।’বিনোদ বিহারী আরও বলেন, ‘একশ্রেণীর মানুষ ভালোভাবে জীবন যাপন করবে, আরেক শ্রেণীর মানুষ ফুটপাতে রাত কাটাবে—এটা হতে পারে না। হিন্দু-মুসলমানে কোনো পার্থক্য করব না—এই হোক আমার প্রার্থনা।’অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এর আগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা। পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিচারপতি হাবিবুর রহমান ও বিনোদ বিহারী চৌধুরী অংশ নেন।সন্ধ্যায় জে এম সেন হল প্রাঙ্গণের মাস্টারদা সূর্যসেন মঞ্চে বিপ্লবী বিনোদ বিহারীর ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। পরে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করে বোধন ও প্রমা। সেখানে অগ্নিপুরুষ শীর্ষক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। উত্সবের দ্বিতীয় দিনে আজ শনিবার ‘শতবর্ষের আলোকে বাংলা ও বাঙালি ১৯১০-২০১০’ শীর্ষক তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য ভারতী রায়, অধ্যাপক গোলাম মুস্তাফা প্রমুখ।