দেশ ও মুসলিম উম্মাহর উন্নয়নে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সনদধারী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ-জাতি ও মুসলিম উম্মাহর উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আইইউটির ২৭তম সমাবর্তনে গতকাল বুধবার এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, আইইউটি ওআইসি ও বাংলাদেশের যৌথ উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওআইসি সদস্য রাষ্ট্রের বিজ্ঞান ও প্রকৌশল খাতসহ মানবসম্পদ উন্নয়নে এ প্রতিষ্ঠান নিরলস ভূমিকা পালন করে চলেছে। আগামী দিনগুলোতে এ প্রতিষ্ঠান উজ্জ্বলতর অবদান রাখবে।
আইইউটির উপাচার্য এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সমাবর্তনে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, ওআইসির মহাসচিবের প্রতিনিধি মো. আহমেদ ঝাউল।
অনুষ্ঠানে ১৬টি দেশের ২৯২ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর, স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। সবচেয়ে ভালো ফল করায় বাংলাদেশের মো. শাহরিয়ার ইসলামকে ওআইসি স্বর্ণপদক দেওয়া হয়। এ ছাড়া নাফিউল রশিদ, মো. গোলাম সাবের, ইজাজ মাহমুদ চৌধুরী ও গুমা আলীকে আইইউটি স্বর্ণপদক দেওয়া হয়।