সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় সঠিক হয়েছে। বিএনপির প্রতি ইংগিত করে তিনি বলেন, সংসদে বা নির্বাচনে কে এল, কে এল না, তা দেখা সরকারের দায়িত্ব নয়। যারা নির্বাচন করতে চায়, তারা নির্বাচনে আসবে। কারণ, কারও জন্য দেশ বসে থাকবে না। দেশ নিজগতিতে চলবে।গতকাল শুক্রবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে সমবেত জনতার উদ্দেশে এরশাদ এ কথা বলেন।বেলা তিনটার দিকে কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলামের পান্ডুল ইউনিয়নের বাড়িতে পৌঁছান এরশাদ। সেখানে আমিনুলের দাদা জমসেদ উদ্দিনের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত শত শত নারী-পুরুষের সঙ্গে কুশলাদি বিনিময়ের সময় এরশাদ বলেন, ‘আমিনুল আমার ছেলের মতো। তাকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, রংপুর পৌরসভার মেয়র আবদুর রউফ মানিক প্রমুখ। পরে বিকেল পাঁচটার দিকে এরশাদ পান্ডুল স্বাস্থ্যকেন্দ্রের মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।