দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী। ফাইল ছবি
মতিয়া চৌধুরী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমানে দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর। এমনকি বিভিন্ন কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
আজ রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি’ শীর্ষক অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, নদীবাহিত পলি দ্বারা গঠিত দেশের মাটি উর্বর। কিন্তু জায়গাভেদে ও স্থানভেদে মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি, অম্লতার আধিক্য, লবণাক্ততা, জলাবদ্ধতা ও দূষণ সমস্যা রয়েছে। এ দেশের বর্তমান জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবনের জন্য মাটির গুরুত্ব অপরিসীম। মাটির টেকসই এবং বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করার জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ। মূল প্রবন্ধ পড়েন ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম। আলোচনা করেন এস এম ইমামুল হক, এ জেড এম সিরাজুল করিম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিনিধি মাইক রবসন।