দেশ গঠনে ভালো ভালো লোক নিয়ে আসব: খালেদা

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আন্দোলন করে আওয়ামী লীগ ও হাসিনাকে সরাতে হবে। হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। নির্বাচন হতেও দেব না। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ক্ষমতায় যাবে।’
আজ রোববার বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন।
ক্ষমতায় গেলে নতুন আঙ্গিকের সরকার গঠনের ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এবার নতুন আঙ্গিকে সরকার গঠন করা হবে। আমরা ঐক্যের রাজনীতি করব। জাতিকে বিভক্ত রেখে দেশকে এগিয়ে নেওয়া যায় না। দেশ গঠনের জন্য ভালো ভালো লোককে নিয়ে আসব।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কী পেলাম, সে চিন্তা না করে কী দিলাম, সেই চিন্তা করতে হবে। আমাদের তো নির্বাচনে জিততে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে।’
সরকারের বিভিন্ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে খালেদা জিয়া বলেন, রূপপুর আণবিক বিদ্যুত্ প্রকল্প, রাশিয়া থেকে অস্ত্র কেনা, পদ্মা সেতুসহ সব প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। দুর্নীতির কারণে পদ্মা সেতুটাই তোমরা (সরকার) করতে পারলে না। অথচ মুখে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছ। তাদের আজ্ঞাবহ দুদক পদ্মা সেতুর দুর্নীতি ধরতে পারল না। বিশ্বব্যাংক ঠিকই তাদের দুর্নীতি খুঁজে বের করেছে, যার জন্য বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এ প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছে।’
ব্যাংকের অনিয়মের ব্যাপারে বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক একদম দেউলিয়া হয়ে গেছে। সোনালী ব্যাংক যে অবস্থায় পড়েছে, সেখান থেকে উঠে আসতে ৩০৯ বছর সময় লাগবে। এ অবস্থায় চলছে দেশ। তিনি আরও বলেন, ‘তারা কোথায় কোন দেশে টাকা পাচার করেছে, আমাদের কাছে সেসব তথ্য-উপাত্ত রয়েছে। আমরা বলেছি, আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করব না। তাদের কিছুই করব না। তার পরও তারা ভয়ে ক্ষমতা ছাড়ছে না।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া যশোরে পৌঁছান। এ সময় তাঁকে দলীয় নেতা-কর্মীরা অভিনন্দন জানান। মতবিনিময় শেষে আজ দুপুর ১২টায় খালেদা জিয়া খুলনার উদ্দেশে যাত্রা করেন।