দেশ গড়তে যুক্তির লড়াইয়ে শামিল হও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের কাছ থেকে বিজয়ী ট্রফি গ্রহণ করছেন যশোর অঞ্চলের বিতার্কিকেরা
অতিথিদের কাছ থেকে বিজয়ী ট্রফি গ্রহণ করছেন যশোর অঞ্চলের বিতার্কিকেরা

যুক্তি ছাড়া মুক্তি নেই। যুক্তির লড়াইয়ে মুক্তির মিছিলে শামিল হয়ে দেশকে গড়তে হবে। বিতর্ক সামাজিক শিক্ষার একটি অঙ্গ। গতকাল মঙ্গলবার দেশের আট অঞ্চলে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেছেন। গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩। অঞ্চলভিত্তিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব ও বিতর্ক ক্যাম্প।
যশোর: যশোর জিলা স্কুল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জামাল হোসেন। তিনি বলেন, যুক্তির আলোয় জীবনের পথ পাড়ি দিতে হবে। যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, যুক্তি ছাড়া মুক্তি নেই। উৎসবে নড়াইল, মাগুরা ও যশোর জেলার ১৫ স্কুল অংশ নেয়। বিজয়ী হয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিতার্কিকেরা। রানার্সআপ ট্রফি জিতে নেয় যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের তার্কিকেরা। যৌথভাবে সেরা বিতার্কিক হয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজয়ী দলের সৈয়দা বেদৌরা সাবির ও যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামিয়া হাসান।

কুমিল্লা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে অতিথিরা
কুমিল্লা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে অতিথিরা

কুমিল্লা: কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাসেম মিয়া। তিনি বলেন, যুক্তির লড়াইয়ে মুক্তির মিছিলে শামিল হয়ে দেশকে গড়তে হবে। উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। আরও বক্তব্য দেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার প্রমুখ। বিতর্কের চূড়ান্ত পর্বে অংশ নেয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বালিকা উচ্চবিদ্যালয়। বিজয়ী হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে ওই বিদ্যালয়ের রামিশা তাসনীম। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ।

অতিথিদের সঙ্গে নারায়ণগঞ্জ অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা
অতিথিদের সঙ্গে নারায়ণগঞ্জ অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা

নারায়ণগঞ্জ: বেলা ১১টায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বন্ধুসভা পরিচালনা পর্ষদের নির্বাহী সাইদুজ্জামান প্রমুখ। উৎসবের সমাপনী পর্বে রফিউর রাব্বি বলেন, বিতর্ক হচ্ছে জীবনের অংশ। আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমলকান্তি সাহা, ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুস সালাম প্রমুখ। উৎসবের চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং রানার্সআপ হয়েছে মুন্সিগঞ্জের কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন। সেরা বিতার্কিক হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আইরিন হোসেন। বিতর্কে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নয়টি স্কুল অংশগ্রহণ করে।

পুরস্কার হাতে বিচারক ও অতিথিদের সঙ্গে পাবনা অঞ্চলের বিতার্কিকেরা
পুরস্কার হাতে বিচারক ও অতিথিদের সঙ্গে পাবনা অঞ্চলের বিতার্কিকেরা

পাবনা: পাবনা শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোজাফফর হোসেন। তিনি বলেন, বিতর্ক সামাজিক শিক্ষার একটি অঙ্গ। তাই বিতর্কের মতো এমন আরও সব সামাজিক শিক্ষা গ্রহণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ শিবজিত নাগ, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক মাহবুব হাসান প্রমুখ। দিনভর যুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে পাবনার বেড়া উপজেলা সদরের আলহেরা একাডেমি। রানার্সআপ হয় পাবনার শহীদ আহম্মেদ রফিক বালিকা উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে পাবনা জিলা স্কুলের রিফাতুল ইসলাম। উৎসবে পাবনা ও নাটোর জেলার ১১টি স্কুল অংশগ্রহণ করেছে।

চুয়াডাঙ্গা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে অতিথিরা
চুয়াডাঙ্গা অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে অতিথিরা

চুয়াডাঙ্গা: সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস। বক্তব্য দেন সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন প্রমুখ। অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস বলেন, সমাজের সব অব্যবস্থাপনা দূর করতে হলে তরুণসমাজকেই এগিয়ে আসতে হবে। দিনব্যাপী বিতর্ক উৎসবে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ১৫টি বিদ্যালয় অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় বিজয়ী এবং আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। জীবননগর শাপলাকলি আদর্শ উচ্চবিদ্যালয়ের মুতাসসিম বিল্লাহ সেরা বিতার্কিক হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার আলাউদ্দিন আল আজাদ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল।

ট্রফি হাতে পটুয়াখালী অঞ্চলের বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে বিচারক ও অতিথিরা
ট্রফি হাতে পটুয়াখালী অঞ্চলের বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের সঙ্গে বিচারক ও অতিথিরা

পটুয়াখালী: পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক বদিউজ্জামান। তিনি বলেন, এ বিতর্কের মধ্য দিয়ে সমাজের যুক্তিশীল, সৃজনশীল মানুষ তৈরি হবে। আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। বিজিত (রানার্সআপ) হয়েছে বরগুনা জিলা স্কুল। সেরা বিতার্কিক হয়েছে খেপুপাড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ফারিবা আতিক। বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। উৎসবে পটুয়াখালী ও বরগুনা জেলার ১৬টি স্কুল অংশ নেয়।

পুরস্কার ও সনদ হাতে বাগেরহাট অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা
পুরস্কার ও সনদ হাতে বাগেরহাট অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা

বাগেরহাট: বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, বিতর্ক জ্ঞান অর্জনের একটি সহায়ক শক্তি, যা মানুষকে জ্ঞানী হওয়ার পাশাপাশি যুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক হতে সহযোগিতা করে। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কমল কুমার ঘোষ, অধ্যাপক বিষ্ণুপ্রিয়া সাহা ও বাগেরহাট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শেখ মোস্তাহিদুল আলম প্রমুখ। চূড়ান্ত প্রতিযোগিতায় বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। রানার্সআপ হয়েছে ফকিরহাট শিরীন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে মংলা সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের রাইয়ান ফেরদৌস। প্রতিযোগিতায় বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার ১৪টি বিদ্যালয় অংশ নেয়।

ফেনী অঞ্চলের বিজয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিচারক ও অতিথিরা
ফেনী অঞ্চলের বিজয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিচারক ও অতিথিরা

ফেনী: উৎসবের উদ্বোধন করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। বক্তব্য দেন জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোমেনুল হক প্রমুখ। উৎসবে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ১৩টি বিদ্যালয় অংশ নেয়। বিতর্কে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় বিতর্ক দল চ্যাম্পিয়ন, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় রানার্সআপ এবং লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাহাজাবিন সওদা সেরা বিতার্কিক হয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আবু তাহের, ফেনী; গাজীউল হক, কুমিল্লা; আসিফ হোসেন, নারায়ণগঞ্জ; শংকর দাস, পটুয়াখালী; সরোয়ার মোর্শেদ, পাবনা; আহাদ হায়দার ও সুমেল সারাফাত, বাগেরহাট; মনিরুল ইসলাম, যশোর এবং শাহ আলম, চুয়াডাঙ্গা