দুই দিন ধরে চলছিল যুক্তিতর্কের যুদ্ধ। সেই যুদ্ধ গতকাল শুক্রবার শেষ হলো খুদে বিতার্কিকদের দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে।প্রথম আলো-এক্সডিসি দ্বিতীয় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার শেষ দিন গতকাল শুক্রবার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেভিরিয়ান ডিবেটিং ক্লাব। প্রথম আলো জেভিরিয়ান বন্ধুসভা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন এতে সহায়তা করে। প্রতিযোগিতায় দুটি পর্যায়ে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকেরা অংশ নেয়।সমাপনী অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি জ্যোতি এফ গোমেজ বলেন, ‘ছাত্রজীবনে এখন যারা বিতর্ক করছে, তারাই ভবিষ্যতে ভালো অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’ তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা আরও বেশি করে বিতর্কচর্চার মতো বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবে।বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার বলেন, ‘পৃথিবীর যেখানেই ভালো মানুষ, সেখানেই ভালো কাজ হয়। এ জন্য মাদক, এসিড, মুখস্থ ও ইভ টিজিংকে “না” বলতে হবে।’ প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান বলেন, ‘তরুণেরাই আমাদের মূল শক্তি। তরুণেরা নিজেদের বদলানোর মধ্য দিয়ে দেশকে বদলে দিতে পারে। এই বিতর্কের মধ্য দিয়ে আমরা সচেতন হতে পারি। নিজেদের বদলে দিতে পারি।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধান শিক্ষিকা রেণু মারীয়া পালমা, শিক্ষক প্রতিনিধি ধর্মলাল গোপ, অভিভাবক প্রতিনিধি বাবুল কুমার সাহা, শিক্ষিকা জেরিনা শিরিন, এক্সডিসির সভাপতি মনোরমা পাল প্রমুখ। প্রতিযোগিতার স্কুল পর্যায়ে সংসদীয় পদ্ধতির বিতর্কে চ্যাম্পিয়ন হয় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল। রানার আপ হয় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সৌভিক কুণ্ডু। শিশু পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল দল চ্যাম্পিয়ন হয়। রানার আপ সেন্ট গ্রেগরিজ হাইস্কুল। এ পর্যায়ের শ্রেষ্ঠ বক্তা সুমাইয়াতুল আহসান।বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয় শেখ রাফিদ। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় ফারিয়া চৌধুরী ও সৌভিক কুণ্ডু। এ ছাড়া এ কে হাইস্কুলকে বিতর্কচর্চায় উদীয়মান বিদ্যাপীঠ নির্বাচন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী শেষে ছিল জেভিরিয়ান বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান গেয়ে শোনান ক্লোজআপ তারকা আবিদ শাহরিয়ার।