
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার কার্যক্রম বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা, আত্মসমালোচনা, কর্তব্য ও দায়িত্ববোধ থাকতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রম বাস্তবায়নে থাকতে হবে নিরলস প্রচেষ্টা, আত্মসমালোচনা ও সহযোগিতা। থাকতে হবে কর্তব্য ও দায়িত্ববোধ।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি।
১৯৭৪ সালের ১৫ ডিসেম্বর দেশবাসীর উদ্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ উদ্ধৃত করেন তিনি। সেদিন জাতির পিতা বলেছিলেন, ‘আমাদের সকলকে আত্মসমালোচনা, আত্মসংযম এবং আত্মশুদ্ধি অর্জন করতে হবে। মনে রাখতে হবে, আপনি আপনার কর্তব্য দেশের জনগণের প্রতি কতটা পালন করেছেন, সেটাই বড় কথা।’
শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয়, পয়োনিষ্কাশন, কৃষি, তথ্যপ্রযুক্তি প্রভৃতির ক্ষেত্রে অর্জিত অগ্রযাত্রা অব্যাহত রাখতে সামাজিক শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয় তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।
দল-মত-পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্ব স্ব অবস্থান থেকে অবদান রাখতে সবাইকে আহ্বানও জানান রাষ্ট্রপতি।
সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে জাতির প্রাণশক্তি ও সমাজ পরিবর্তনের হাতিয়ার বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, অমিত সম্ভাবনাকে বিকশিত করতে তাদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ করতে হবে। তাদের স্বপ্ন দেখাতে হবে। কারণ স্বপ্ন না থাকলে সাফল্য আসে না।
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখে।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যের শেষে নতুন গ্র্যাজুয়েটদের সমাজ, রাষ্ট্র ও পরিবারের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করে বলেন, ‘আজকের এই সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি তোমাদের ওপর দায়িত্বও অর্পণ করেছে। সেই দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি। মনে রাখতে হবে তোমাদের এ পর্যায়ে নিয়ে আসতে সমাজ ও রাষ্ট্রসহ দেশের খেটে খাওয়া মানুষের অবদান রয়েছে। আমার দৃঢ বিশ্বাস এবং প্রত্যাশা ভবিষ্যৎ কর্মজীবনে তোমরা তোমাদের অর্জিত জ্ঞান ও পাণ্ডিত্যের সৎ এবং ইতিবাচক ব্যবহার করবে। একথা তোমাদের মনে সদা জাগরুক থাকা চাই- প্রকৃত জ্ঞান কল্যাণমুখী না হলে তা কখনোই জ্ঞান বলে বিবেচ্য নয়।’
সমাবর্তনের বক্তা হিসেবে বক্তব্য দেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি তাঁর বক্তব্যের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা স্মৃতির কথা তুলে ধরেন। ড. আনিসুজ্জামান বলেন, ‘আমাদের উচ্চ শিক্ষার মান সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। সকল বিশ্ববিদ্যালয় কিংবা সকল কলেজে উচ্চশিক্ষাদানের মতো প্রয়োজনীয় সুযোগসুবিধা নেই। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্বেগ নানাভাবে প্রকাশিত হয়েছে।
অথচ আমাদের দেশের শিক্ষার্থীরাই বিদেশে গিয়ে মুখ উজ্জ্বল করার মতো কৃতিত্বের পরিচয় দিচ্ছে। এমন সব উদ্ভাবন ও আবিষ্কারের সঙ্গে জড়িত থাকছে, যা জ্ঞানের জগতে প্রায় বিপ্লব সাধন করতে যাচ্ছে।’
সমাবর্তনে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী।
এদিকে সমাবর্তনকে ঘিরে সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল উৎসবমুখর। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুরা একসঙ্গে হওয়ার সুযোগ পেয়ে সমাবর্তন শেষে অনেকেই প্রিয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে আড্ডা দিয়েছেন। সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ হাজার ১৯৪ শিক্ষার্থী। ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগে পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ৫ নভেম্বর।