দেশ চলছে তাজুলের স্বপ্নের বিপরীতে
স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদ তাজুল ইসলামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণতন্ত্রের জন্য তাজুল ইসলাম জীবন উৎসর্গ করেছিলেন। সামরিক স্বৈরাচারের পতন ঘটলেও এখনো গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি। স্বৈরশাসক, খুনি এরশাদ বর্তমান সরকারের সহযোগী। জনগণের গণতান্ত্রিক অধিকার ক্রমেই সংকুচিত করা হচ্ছে। শহীদ তাজুলের স্বপ্নের বিপরীত দিকে দেশ চলছে।
গতকাল বুধবার শহীদ তাজুল দিবসে রাজধানীর পল্টনে মুক্তি ভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির সভাপতি এসব কথা বলেন। ১৯৮৪ সালের ১ মার্চ স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া গুন্ডাদের হাতে আদমজী পাটকল এলাকায় শহীদ হন তাজুল ইসলাম। তিনি ছিলেন সিপিবির আদমজী শাখার সম্পাদক ও আদমজী মজদুর ট্রেড ইউনিয়নের নেতা। সমাবেশের আগে সিপিবির পাশাপাশি তাজুল স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিজ্ঞপ্তি