বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি সামনে এনেছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে একটি মীমাংসিত বিষয় নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। গত রোববার বিকেলে কুমিল্লা শহরের শাসনগাছা বাসস্ট্যান্ডে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মহিলা সাংসদ রাশেদা আক্তার, সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভুঁইয়া, আবদুল গফুর ভুঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম প্রমুখ। বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘তৈরি পোলার বাপ হয়ে লাভ নেই। যদি নাম দিতে হয়, নিজেরা কিছু করে নামকরণ করুন।’