দেশ ছাড়লেন ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রাম। করুণা চন্দ্র রায়ের বাড়িটি আধা পাকা। একই পাড়ার আর অশ্বনী কান্ত রায়ের বাড়ি বেড়ার তৈরি, ওপরে টিনের চালা। দুটি বাড়ির আঙিনাতেই বাঁধানো তুলসীতলা। সাজানো-গোছানো বাড়িঘর ঠিকঠাক আছে। নেই কেবল মানুষের কলরব। দুটি ঘরের দরজাতেই তালা।
বাড়িঘর ফেলে পরিবারের সদস্যদের নিয়ে ভারতে চলে গেছেন করুণা (৩৫) আর অশ্বনী (৪০)। একই গ্রাম থেকে আরও দুটি সংখ্যালঘু পরিবারের দুজনসহ দেশ ছেড়েছেন মোট ১১ জন। নিরাপত্তার অভাবেই জন্মভিটা ছেড়েছে তাঁরা।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেলে কর্ণাইসহ আশপাশের গ্রামের ১৫০টিরও বেশি বাড়িতে হামলা ও লুটপাট এবং নারী-পুরুষদের মারধর করে নির্বাচনবিরোধীরা। দুর্বৃত্তরা কর্ণাই স্কুল বাজারে হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ শতাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটও চালায়। ঘটনার পর থেকে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পসহ বিজিবি মোতায়েন করা হয়। কিন্তু দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মামলার মূল আসামিরা ধরা পড়েনি। ঘটনার হোতারা এখন হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সেখানকার সংখ্যালঘুরা।
গতকাল রোববার কর্ণাই গ্রামের স্কুলপাড়ায় গেলে গ্রামবাসী জানান, নির্বাচনের আট থেকে ১০ দিনের মাথায় পরিবার নিয়ে ভারতে চলে গেছেন মৃত বাহেরু চন্দ্র রায়ের ছেলে অশ্বনী কান্ত রায়। তাঁর সঙ্গে গেছেন স্ত্রী ছবি রানী (৩২) এবং ছেলে অন্তর চন্দ্র রায় (৮) ও হিমেল চন্দ্র রায় (৩)। একই পাড়ায় অতুল চন্দ্র রায়ের ছেলে করুণা দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি। তাঁর সঙ্গে গেছেন স্ত্রী সুশীলা রায় (৩০), মেয়ে কৌশলা রায় (১২), ছেলে পবিত্র রায় (৮) এবং এক বছরের শিশুকন্যা। কর্ণাই বাজারের পশ্চিম পাশে বসবাসকারী সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে মিঠু চন্দ্র রায় (১৮) এবং তাঁরা চাচাতো ভাই টগর চন্দ্র রায় (১৫) ভারতে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
মিঠুর জেঠাতো ভাই আকাশ চন্দ্র রায় জানান, নিরাপত্তার অভাবে ১৫-১৬ দিন আগে চাচা শিবপ্রসাদ ওই দুজনকে হিলি সীমান্ত দিয়ে ভারতের কালীয়াগঞ্জে তাঁদের মামার বাড়িতে রেখে এসেছেন। জানতে চাইলে শিবপ্রসাদ প্রথম আলোকে বলেন, মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে। যারা গ্রেপ্তার হয়েছিল তারাও জামিনে মুক্তি পেয়েছে। হামলাকারীরা সব সময় ভয় দেখাচ্ছে, ‘পুলিশ ক্যাম্প উঠে গেলে মজা দেখাবে।’ এসব কথা চিন্তা করে সন্তানদের ভারতে পাঠিয়েছেন।
অশ্বনী রায়ের ছোট ভাই সুবোধ চন্দ্র রায় জানান, ভোট দিতে যাওয়ার কারণে নির্বাচনের অশ্বনী, করুণাসহ তাঁদের হামলা ও মারধর করা হয়। ওই ঘটনায় মামলা হওয়ার পর থেকে হামলাকারীরা মুঠোফোনে তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে। আর করুণা রায়ের কাকাতো ভাই কৃষ্ণ চন্দ্র রায় জানান, ১৪ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে ঘরে তালা দিয়ে সপরিবারে চলে যান করুণা।
কর্ণাই গ্রামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত স্কুলের শিক্ষক নরেশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘করুণা, অশ্বনীসহ ১১ জন গ্রাম থেকে চলে যাওয়ার পর থেকে এলাকার সংখ্যালঘুদের মনে হতাশা আরও বেড়েছে।’
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সংখ্যালঘু কোনো পরিবারের ভারতে চলে যাওয়ার খবর তিনি জানেন না। তবে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।