দেশ ছিল কবির হৃদয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শহীদ কাদরীর প্রয়াণে গতকাল বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয় l প্রথম আলো
কবি শহীদ কাদরীর প্রয়াণে গতকাল বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয় l প্রথম আলো

‘দীর্ঘদিন তিনি দেশে ছিলেন না। কিন্তু দেশ ছিল তাঁর হৃদয়ে, কথায়, লেখায়। দেশ থেকে তরুণ কবিরা তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি তাঁদের হাত ধরে থাকতেন। বলতেন, “তোমাদের হাত ধরে থাকলে মনে হয়, বাংলাদেশের হাত ধরে আছি।” তিনি মার্কিন নাগরিকত্ব নেননি। বাংলাদেশ ছাড়া তাঁর কোনো দেশ ছিল না।’

সদ্য প্রয়াত স্বামীর স্মৃতিচারণা করতে গিয়ে কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী কথাগুলো বলছিলেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে কবির প্রয়াণে এখানে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছিল বাংলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে। সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

শহীদ কাদরী ১৯৭৮ সাল থেকে প্রবাসী ছিলেন। জার্মানি, যুক্তরাজ্য হয়ে শেষে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। গত ২৮ আগস্ট তিনি ইন্তেকাল করেন। কবির শেষ ইচ্ছা অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে বিশেষ ব্যবস্থাপনায় কবির মরদেহ দেশে আনা হয়। কবির স্ত্রী নীরা কাদরী কবির শেষ ইচ্ছা পূরণ করে তাঁকে দেশে আনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্মরণসভায় কবির বৈচিত্র্যময় জীবন, তাঁর জমানো আড্ডা, অগাধ পঠনপাঠন আর কাব্যকুশলতা নিয়ে নানা দিক থেকে আলোকপাত করেছেন আলোচকেরা। সংগত কারণেই সে আলোচনায় গত শতকের পঞ্চাশ দশকের ঢাকার নগরজীবন, স্বাধীনতার প্রস্তুতিকাল, সমকালীন বাংলা কবিতার প্রেক্ষাপটও উঠে এসেছিল বহুমাত্রিক বিচার-বিশ্লেষণে। স্মৃতিকাতর ও কবির বিয়োগব্যথায় কিছুটা বিষণ্ন আবহের সৃষ্টি হলেও পুরো আয়োজন ছিল বেশ আকর্ষণীয়। কবির জনপ্রিয় কবিতা ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে কবিকে নিয়ে বাংলা একাডেমি এদিনই প্রকাশ করে শামসুজ্জামান খান সম্পাদিত অভিবাদন শহীদ কাদরী নামের একটি বিশেষ বই। এর মোড়ক উন্মোচনও করা হলো এক ফাঁকে। তবে অনুষ্ঠান শুরু হয়েছিল কবির স্মরণে এক মিনিট নীরবতা পালনের ভেতর দিয়ে। সঞ্চালক ছিলেন শাহাদত হোসেন।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শহীদ কাদরীর নাগরিক চেতনা অর্জিত নয়, সহজাত। শব্দচয়ন ও অলংকার প্রয়োগে পুনরাবৃত্তি এড়িয়ে চলেছেন। শহীদ নেই, আবার শহীদ আছেনও। তিনি সব সময় লেখার মধ্যে থাকবেন। বাংলা কবিতায় তিনি যে ঝড় তুলেছিলেন, তা আমাদের মনে রাখাতেই হবে।

শামসুজ্জামান খান বলেন, বাংলা কবিতায় তিনি স্বকীয় বৈশিষ্ট্যময় ধরন ও ভঙ্গি এনেছিলেন। এতে ছিল আধুনিক নাগরিকবোধ, তির্যকতা, প্রকরণগত উদ্ভাবনা, শ্লেষ ও দেশের প্রতি গভীর ভালোবাসা। মফিদুল হক বলেন, গভীর জীবনসাধনা ও মানুষের প্রতি ভালোবাসা তাঁর কবিতার পরতে পরতে বিধৃত হয়েছে। রামেন্দু মজুমদার বলেন, তিনি তাঁর সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। কবি মুহাম্মদ সামাদ বলেন, রচনাশৈলী, দার্শনিকতা ও উপস্থাপনার ভঙ্গির জন্য তিনি পরবর্তী প্রজন্মের কবিদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোলাম কুদ্দুছ। আরও আলোচনা করেন কবি রুবী রহমান, কাজী রোজী, নাজমুন্নেসা পিয়ারী, কায়সার হক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক।